২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ব্যাংকের দেয়াল ভেঙে লুটের চেষ্টা

ঈদের ছুটিতে লালবাগের নবাবগঞ্জে এক ব্যাংকের দেয়া ভেঙে ভিতরে ঢুকে ভল্ট লুটের চেষ্টা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 04:10 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের ছুটির মধ্যে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কোনো এক সময় নাবাবগঞ্জে অগ্রণী ব্যাংকের দ্বিতীয় তলার দেয়ালের একটি অংশ ভেঙে ডাকাতরা ভেতরে প্রবেশ করে।

এরপর তারা নিচতলায় থাকা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করলেও ঢুকতে ব্যর্থ হয় বলে ইনস্পেক্টর জালাল জানান।

“ঈদের ছুটি শেষে রোববার সকালে ব্যাংক কর্মীরা অফিসে প্রবেশ করে ভাঙা দেয়াল আবিষ্কার করেন। পরে তারা পুলিশে খবর দেন।”

এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে শাহজালাল জানান।

এদিকে গত বৃহস্পতিবার রাতে হাজারীবাগে বোরহানপুর মসজিদের কাছে এক সৌদি প্রবাসীর বাসার তালা ভেঙে ঘর থেকে ১৬ ভরি সোনা, আড়াই লাখ টাকা ও দামি মালামাল নিয়ে যায় চোরেরা।

ছয়তলা ওই ভবনের চারতলার ফ্ল্যাটের বাসিন্দা মিনু রহমান জানান, ঈদের আগের রাতে দুই সন্তানকে নিয়ে তিনি হাজারীবাগ বটতলা এলাকায় মায়ের বাসায় যান। গভীর রাতে ফিরে দেখেন, বাসার তালা ভাঙা এবং ভিতরের জিনিসপত্র এলোমেলো।

ঘর থেকে ১৬ ভরি সোনা, আড়াই লাখ টাকা ও দামি জিনিসপত্র চুরি গেছে বলে জানান তিনি।

হাজারীবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হযেছে।