শ্রীপুরে আওয়ামী লীগ কর্মী খুন
মাগুরার শ্রীপুরে ঈদের রাতে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ইসলাম বিশ্বাস জানান, শুক্রবার রাতে সাজ্জাদ বাড়িতে টেলিভিশন দেখছিলেন। এ সময় স্থানীয় আরেক আওয়ামী লীগ কর্মী রইস বিশ্বাস সেখানে যায়। এক পর্যায়ে সে সাজ্জাদকে ধারালো দা দিয়ে কোপানো শুরু করে।
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেয়ার পথে রাত ১২টার দিকে সাজ্জাদের মৃত্যু হয় বলে ওসি জানান।
স্থানীয়রা বলছেন, টিভি দেখা নিয়ে তর্ক থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি বিপ্লব।
