৪ ঘণ্টা বিদ্যুৎহীন ঢাবি
ঈদের রাতে টানা চার ঘণ্টা বিদ্যুৎহীন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
শুক্রবার রাত পৌনে ৮টা থেকে রাত ১২টা পয়ন্ত পুরো ক্যম্পাস অন্ধকারাচ্ছন্ন হয়ে ছিল।
এসময় ঈদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসা সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ছুটির মধ্যে হলে থাকা শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।
বিদ্যুৎ না থাকার কথা জানানো হলে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোথায় সমস্য হয়েছে, জানি না। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের জানানো হয়েছে এবং সুরাহার জন্য তাদের তাগাদা দিয়ে যাচ্ছি।”
মুহসিন হলের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন বলেন, রাত পৌনে ৮টার পর হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়, রাত ১২টার পর আসে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোথায় সমস্যা হয়েছিল, তা আমি এখনো জানতে পারিনি।”
