২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁকা ক্যাম্পাসে ‘ভিন্ন স্বাদের’ ঈদ

পরীক্ষা, যাতায়াতের হয়রানি এবং টিকিট না পাওয়ার কারণে বাড়ি যেতে পারেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। আবাসিক হলেই ঈদ উদযাপন করছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শোভন শাহমিন দিশা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 04:29 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

অনেকে আবার বন্ধুদের সঙ্গে হলে ঈদ উদযাপন করে ‘ভিন্ন স্বাদের’ অভিজ্ঞতা নেয়ার জন্য ঘরমুখো হননি।

ঈদের ঠিক একদিন আগে ইন্টার্নশিপ কোর্স শেষ হয় প্রীতিলতা ছাত্রীনিবাসের রোমানা আফরোজের।

একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের এই ছাত্রী তাই বাড়ি না গিয়ে হলেই এবার ঈদ করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাড়ি অনেক দূর, কোর্স শেষ করে প্রায় ২০ ঘণ্টা ভ্রমণের পথ পাড়ি দিয়ে বাড়ি পৌঁছতে পারব কিনা সন্দেহ। এর চেয়ে প্রিয় প্রীতিলতা হলেই ঈদ পালন করছি।”

রোমানার সঙ্গে আছেন সহপাঠী আয়শা আক্তার। পরিবারের সঙ্গে ঈদ উৎসব না করে বান্ধবীকে সঙ্গ দিতেই হলে থেকে গেছেন আয়শা।

তিনি বলেন, “দুই বন্ধু মিলে ঈদ করব। এটা অনেক মজার অভিজ্ঞতা। হলেই ঈদের রান্না-বান্না করব।”

তবে বাবা-মা’র সঙ্গে ঈদ করতে না পারায় মন খারাপ বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা খাতুনের।

ঈদের ছুটি শেষেই শুরু হবে খাদিজার পরীক্ষা।

“ঈদের পর পরীক্ষা, এছাড়া বাড়ি নীলফামারী হওয়ায় ঈদের ছুটিতে বাড়ি গিয়ে সময় নষ্ট না করে পড়াশোনা নিয়েই কাটাতে চাই। যদিও মা-বাবা-ভাইবোনদের খুব মিস করছি।”

ছাত্রীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও পাশের কটেজগুলোতে ঈদ করছেন বেশ কিছু ছাত্র।

অনেকেরই অভিযোগ, ঈদে যাতায়াত ব্যবস্থার হয়রানি এবং টিকিট না পাওয়ার কারণে বাড়ি যাওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে।

লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. হাসান বলেন, ট্রেনে গেলে টাকা এবং সময় দুই-ই সঞ্চয় হয়। কিন্তু ট্রেনের টিকিটই তো পাওয়া কঠিন। তাই এবার আর বাড়ি যাওয়া হয়ে উঠেনি তার।

তবে হলে ঈদ উদযাপনের ভিন্ন স্বাদ নিতেই এবার বাড়িমুখো হননি এফ. রহমান হলের শরীফুদ্দিন আহমেদ।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের এই ছাত্র বলেন, ছোটবেলা থেকেই তো মা-বাবার সঙ্গেই ঈদ করছি। এবার ঈদে তাই ভিন্ন স্বাদ নিতেই প্রিয় ক্যাম্পাসে থাকা।

আনন্দে থাকলেও কোথায় যেন একটা ‘শূন্যতাও’ অনুভব করছেন শরীফুদ্দিন। তাই মাঝে মাঝে বাবা-মাকে ফোন করেছেন।   

বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা ছাত্রী নিবাসের প্রভোস্ট অধ্যাপক মাহবুবুল হক বলেন, গত বছরও ঈদে বেশ কিছু ছাত্রী হলে ছিল।

“ঈদের দিন ছাত্রীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ছাত্রীদের সংখ্যা কমে যাওয়ায় হলের নিরাপত্তাও জোরদার করা হবে।”

এছাড়া আদিবাসী এবং অন্যান্য ধর্মাবলম্বীরা অনেকেই ঈদের ছুটিতে আবাসিক হলগুলোতেই অবস্থান করে বলে জানিয়েছেন প্রভোস্ট মাহবুবুল।