ঈদের সকালে গাড়ির চাকায় প্রাণ গেল শিশুর
ঈদের নামাজ পড়তে গিয়ে টাঙ্গাইলে পিকআপ চাপায় নিহত হয়েছে স্কুল পড়ুয়া এক শিশু।
প্রতিবাদে এক ঘণ্টা সড়ক অবরোধ করে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
টাঙ্গাইল মডেল থানার এসআই আব্দুল কাইয়ুম জানান, শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ (৭) ভাতকুড়া উত্তর পাড়া গ্রামের আলম খানের ছেলে। হাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল সে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাবার সাথে ঈদের নামাজ পড়তে মাঠে যাচ্ছিল নাহিদ। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পরে পুলিশ এসে সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
