ওবামার ঈদশুভেচ্ছা
ঈদুল ফিতরে সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেছেন, “এ এক ঐতিহ্য, যা আমাদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হতে এবং আমাদের মধ্যে কম সৌভাগ্যবানদের প্রতি সমবেদনা দেখাতে স্মরণ করিয়ে দেয়।”
যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার ঈদ উদযাপিত হয়েছে। তবে বাংলাদেশে ঈদ উদযাপিত হচ্ছে শুক্রবার।
মুসলিম বাবার সন্তান ওবামা বলেন, “গত মাসে মুসলমানগণ প্রার্থনা এবং সেবা, উপবাস এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে তাদের বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়েছে।
“হোয়াইট হাউসে চলতি বছরের ইফতার পার্টিতে যুক্তরাষ্ট্রের অনেক মুসলমানের মধ্যে কিছু সংখ্যকের সঙ্গে সময় কাটিয়ে আমি গর্বিত, যারা আমাদের গণতন্ত্রকে সমৃদ্ধ এবং অর্থনীতিকে শক্তিশালী করেছে।”
রাজনৈতিক সংঘাতে ঘরহারা সিরীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন ওবামা। সিরীয়দের জন্য অতিরিক্ত ১৯ কোটি ৫০ লাখ ডলারের খাদ্য ও অন্যান্য সহায়তা পাঠানোর কথাও বলেন তিনি।
