২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাড়িতে ঈদের নামাজ যেন ধরতে পারি’

স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী থেকে বৃহস্পতিবার রওনা হওয়া অনেকে যানজটের কারণে পথেই ঈদ উদযাপনের শঙ্কায় রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 10:34 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের যানজট পেরুতে হলেও সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন উত্তরাঞ্চলগামীরা। গাজীপুর ও টাঙ্গাইলে ভয়াবহ যানজটে তাদের আটকে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

সকাল ১০টায় গাবতলী থেকে হানিফ পরিবহনের একটি বাসে রওনা হয়ে শাহীনুর রহমান রাত সাড়ে ৮টায় পৌঁছান টাঙ্গাইলে যমুনা সেতুতে।

ঠাকুরগাঁওগামী শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাভাবিক সময়ে এই পথ অতিক্রম করতে তিন ঘণ্টা লাগলেও ঈদের সময়ে লেগেছে ১০ ঘণ্টা।

“বাড়িতে ঈদের নামাজটা যেন ধরা যায়- এখন সেই আশা করছি।”

শ্যামলী পরিবহনের যাত্রী ইয়াসির আরাফত জানান, বগুড়া যেতে গাবতলি থেকে তিনি বাসে ওঠেন সকাল পৌনে ৯টায়। গন্তব্যে পৌঁছান রাত পৌনে ৯টায়।

রংপুরের পীরগঞ্জে যাওয়ার জন্য গোলাম রাব্বানী বুধবার রাত সাড়ে ১০ টায় মহাখালী থেকে টিআর ট্রাভেলসে রওয়ানা হন। তার গাড়ি সিরাজগঞ্জ পার হয় বৃহস্পতিবার বেলা দেড়টায়।

যানজটে আটকে থাকা মাহমুদুল হাসান সরকার বলেন, “আমরা যারা সকালে রওনা দিয়েছি, তারা তো অন্তত সকালে পৌঁছাব। কিন্তু যারা বিকালে রওনা দেবে, তাদের কী হবে?”

হানিফ পরিবহনের চালক সুলতান আহমদ বলেন, “ঈদে অনেক জ্যাম দেখেছি। এবারের জ্যাম আমি জীবনে দেখি নাই।”

সাভার পার হওয়ার পর ইপিজেডের বাইপাইল মোড় থেকেই থেমে থেমে চলতে হচ্ছে বলে জানান তিনি।

যানজটের জন্য মহাসড়কে পুলিশের অপর্যাপ্ততাকে দায়ী করেছেন যাত্রী ও চালকরা।

যানজটের কারণে গাড়িগুলো সময়মতো ঢাকা পৌঁছতে না পারায় অধিকাংশ গাড়িই নির্ধারিত সময়ের পরে ছেড়েছে রাজধানীর বাস টার্মিনালগুলো।

এই পথে যানজটের শুরু হয় সকালে টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্ঘটনার পর।

গাজীপুরের চন্দ্রায় দায়িত্বরত কোনাবাড়ি (সালনা) মহাসড়ক থানার সার্জেন্ট মো. সাজ্জাদ খান জানান, সকাল ৬টার দিকে একটি ট্রাক বিকল হলে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ট্রাকটি সরানো হলেও ততোক্ষণে দীর্ঘ জট তৈরি হয়ে যায়।

গাজীপুরের যানজট ভোগান্তিতে ফেলেছে ময়মনসিংহগামী যাত্রীদেরও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ প্রতিনিধি ফারহানা মির্জা জানান, রাজধানীর সঙ্গে দক্ষিণ জনপদের যোগযোগ রক্ষাকারী মাওয়া ঘাটের পরিস্থিতি বুধবার পর্যন্ত স্বাভাবিক থাকলেও ভোর থেকে দেখা দেয় তীব্র যানজট।

বিআইডব্লিউটিসি মাওয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ফেরি পার করে কুলানো যাচ্ছিল না। ফলে শ্রীনগরের দোগাড়ি পর্যন্ত দীর্ঘ যানজট লেগে যায়।”

ঢাকা-চট্টগ্রাম মহাড়কে ফেনী পর্যন্ত যানজট সহনীয় থাকলেও সীতাকুণ্ডে বুধবার রাতে শিবিরের সড়ক অবরোধের পর বৃহস্পতিবারও গাড়ি চলাচল ছিল ধীর।

বুধবার রাত সাড়ে ১২টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে সকাল ১০টায় চট্টগ্রামে পৌঁছান সুমন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সীতাকুণ্ড বাইপাস থেকে বার আউলিয়া পর্যন্ত অংশে যানবাহনের দীর্ঘ সারি। থেমে থেমে গাড়ি চলেছে খুব ধীর গতিতে। ওই অংশ পার হতেই প্রায় তিন ঘণ্টা সময় লেগে গেছে।”

স্থানীয় সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার সকালে মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় গাড়ির চাপ ছিল সবচেয়ে বেশি। তবে বিকালে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে।

পুরনো খবর:

বাসের অপেক্ষায় যাত্রীরা
বঙ্গবন্ধু সেতুতে বাসের ছাদ থেকে নদীতে পড়ে ৪ যাত্রী নিখোঁজ
ঠাঁই নাই সদরঘাটে