২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ

উপজেলা প্রশাসনের নির্মাণাধীন বিপনী বিতানে চাহিদা অনুযায়ী ঘর বরাদ্দ না পেয়ে বাগেরহাটের শরণখোলায় উপজেলা চেয়ারম্যান ভাংচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 09:18 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

বৃহস্পতিবার সকালে শরণখোলা উপজেলার সদরের রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত চার শ্রমিক আহত হন।

তাদেরকে শরণখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুন-উজ্জামান জানান, সাত মাস আগে উপজেলা প্রশাসন ৫৩ দশমিক ২০ শতাংশ খাস জমিতে ৭৫টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, সকাল সাড়ে নয়টার দিকে ইউএনও নির্মাণ কাজের অগ্রগতি দেখতে সেখানে যান। এর কিছু পরেই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের নেতৃত্বে ৫০-৬০ লোক লাঠিসোটা নিয়ে সেখানে হামলা চালায়।

এ সময় চারটি কক্ষের ইটের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। হামলায় চার শ্রমিক আহত হন। চেয়ারম্যান অকথ্য ভাষায় গালাগাল করে বলে অভিযোগ করেন ইউএনও।

তিনি বলেন, নিয়ম মেনে বিপনী বিতানে চেয়ারম্যানকে একটি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের মোবাইলে বারবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।