‘অভিমানী’ ঝুমাকে পেয়ে মায়ের খুশি
পুলিশ হেফাজতে থাকা ‘ক্ষুদে গানরাজ’ ঝুমা আক্তারকে আদালত তার মায়ের হাতে তুলে দিয়েছে।
বৃহস্পতিবার বিকালে নরসিংদীর আদালত থেকে ঝুমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে জেসমিন বেগম সাংবাদিকদের বলেন, “মেয়েকে ফিরে পেয়েছি, আমি আনন্দিত।”
ঈদের আগমুহূর্তে মেয়েকে পেয়ে তাকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন জেসমিন।
ঝুমাকে মায়ের হেফাজতে দেয়ার আগে তার জবানবন্দি নেন হাকিম বেগম লায়তুল ফেরদৌস।
২০০৮ সালে ‘মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ ঝুমাকে অপহরণের অভিযোগ তুলে গত ৪ অগাস্ট নরসিংদীর আদালতে মামলা করেন জেসমিন।
এর পরদিনই ঝুমা ঢাকার তেজগাঁও থানায় গিয়ে নিজের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন। তখন পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে রাখে। সেখান থেকে বুধবার তাকে নরসিংদী পাঠানো হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ভিক্টিম সাপোর্ট সেন্টার) শামীমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেছিলেন, মায়ের সঙ্গে ‘ভুল বোঝাবুঝির’ কারণে বাড়ি ছেড়েছিল বলে ঝুমা জানিয়েছে।
ঝুমার মায়ের অভিযোগ, তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করতে গত ২৩ জুলাই অপহরণ করেন ঢাকার আশুলিয়ার বাসিন্দা ব্যবসায়ী মো. ইসরাফিল হোসেন।
তবে ইসরাফিল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ নাকচ করে বলেন, তিনি ঝুমার প্রেমিকও নন, স্বামীও নন।
‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় বিজয়ের পর নরসিংদীর মেয়ে ঝুমা মাকে নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে থাকে, ভর্তি হয় ঢাকা ক্যামব্রিয়ান স্কুল ও কলেজে। এখন সে নবম শ্রেণিতে পড়ে।
