২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ‘বনদস্যুকে’ পিটিয়ে হত্যা

সুন্দরবনে এক ‘বনদস্যুকে’ জেলেরা পিটিয়ে মেরেছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম. শফিকুল আলম জানিয়েছেন, বৃহষ্পতিবার সকাল ছয়টা থেকে সকাল নয়টার মধ্যে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দক্ষিণে ছোট কটকা খাল এলাকায় এ ঘটনা ঘটে।

“বনদস্যু রুবেল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোহেল পেয়াদার (২২) লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বনদস্যুদের দুটি আগ্নেয়াস্ত্র ও ২৯টি গুলি।”

বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা রুবেল ও তার সহযোগীদের ধরতে অভিযান চলছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

  জেলেদের বরাত দিয়ে কমান্ডার শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ছোট কটকা খালে বনদস্যু রুবেল পেয়াদা তার বাহিনী নিয়ে মাছধরা অবস্থায় কয়েকজন জেলেকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করে।

“এ সময় মাছ ধরা অন্য জেলেরা সংঘটিত হয়ে বনদস্যুদের ধাওয়া করে। তাদের ধাওয়া খেয়ে পালানোর সময় বনদস্যু সোহেল জেলেদের হাতে ধরা পড়ে। তবে, রুবেলসহ অন্যরা পালিয়ে যায়। ক্ষুব্ধ জেলেরা সবাই মিলে পিটুনী দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহেলের।”

জেলেরা কোস্টগার্ডকে জানায়, নিহত সোহেল রুবেলের ছোটভাই এবং ওই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন।