২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শহর রক্ষা বাঁধে ধস

যমুনা নদীর প্রবল স্রোতে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টে ধস দেখা দিয়েছে। ঈদের ঠিক আগে ভাঙ্গন শুরুর কারণে শহরবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 09:12 AM

Updated : 13 Oct 2022, 02:55 PM

বুধবার রাত ৩টায় ভাঙ্গন শুরুর পর বাঁধের প্রায় ১০০ মিটার এলাকা ইতোমধ্যে যমুনা নদী গর্ভে চলে গেছে। ভাঙ্গন মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের কাজ পর্যবেক্ষণে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।

ভাঙ্গনের খবর পেয়ে জেলা প্রশাসন, র্যাব, পুলিশ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা ভোর রাতেই বাঁধ এলাকায় আসেন। তবে পানি উন্নয়ন বোর্ডের কাউকে সে সময় ঘটনাস্থলে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৩টার দিকে  বাঁধের পুরাতন জেলখানা ঘাট এলাকায় নদীর পানিতে বুদবুদ দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে ধস শুরু হয় বাঁধে।

খবর পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন বিভাগের মহাপরিচালক করিব বিন আনোয়ার, র্যাব-১২ এর পরিচালক অতিরিক্ত ডিআইজি জামিল আহম্মেদ, জেলা প্রশাসক বেল্লাল হোসেন, পুলিশ সুপার এমরান হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, পৌর মেয়র মোকাদ্দেস আলী, র্যাব-১২ কোম্পানি কমান্ডার অশোক কুমারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় শত শত মানুষ ভাঙ্গন রোধে কাজে হাত লাগান।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজিদুল ইসলাম সর্দার বলেন, “ইতোমধ্যে বাঁধের ১০০ মিটার অংশ নদীতে চলে গেছে। নদীর বর্তমান অবস্থা জানতে সার্ভে করা হয়েছে। সকাল ১১টা থেকে জিওব্যাগ নিক্ষেপ শুরু হয়েছে। ভাঙ্গন নিয়ন্ত্রনে চলে আসবে, আতঙ্কের কিছু নেই।”

সেনাবাহিনীর ৯৮ ব্রিগেডের একটি দল সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় বলে জেলা প্রশাসক বেল্লাল হোসেন জানান।

সেনাবাহিনীর ওই দলের প্রধান মেজর পঙ্কজ মল্লিক বলেন, তারা বাঁধ এলাকার নিরাপত্তা ও সংস্কার কাজ পর্যবেক্ষণ করবেন।

স্থানীয় পৌর কাউন্সিলর তাজউদ্দিন অভিযোগ করেন, গত ৩০ জুলাই সন্ধ্যায় ভাঙ্গন ধরা স্থানের ১০০ মিটার উত্তরে নদীর তলদেশে ৫ বর্গ মিটার ধসে যায়। সেখানে দুই দিন জিওব্যাগ ফেলার পর অজ্ঞাত কারণে সংস্কার কাজ বন্ধ করে দেয় পাউবো কর্তৃপক্ষ।

কয়েক দিনের ব্যবধানে পাশেই নতুন করে ধস শুরুর জন্য পাউবোর গাফিলতিতে দায়ী করেন তিনি।

সঠিক সময়ে বাঁধের সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে করিব বিন আনোয়ার বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য কমিটি করা হবে। এক্ষেত্রে ঠিকাদারের গাফিলতি আছে কি না- তাও খতিয়ে দেখা হবে।

পৌর মেয়র মোকাদ্দেস আলী অভিযোগ করেন, ঠিকাদাররা আগে ২০ বস্তা বালিভর্তি জিও ব্যাগ নদীতে ফেলে ২ হাজার বস্তার বিল করত। কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না বলে ঠিকাদাররাও বাধ রক্ষায় সক্রিয় হয়নি।

নিষ্ক্রিয়তার বিষয়টি স্বীকার করলেন পানি উন্নয়ন বোর্ডের নিয়মিত ঠিকাদার কামরুল হাসান হিল্টন।

তিনি বলেন, “জরুরি সংস্কার কাজ করলে বিল পেতে নানা সমস্যা পোহাতে হয়। তাই ঠিকাদাররা জরুরি কাজে আগ্রহী না।”

যমুনা নদীর ভাঙ্গনের হাত থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষায় ১৯৯৫-২০০০ অর্থবছরে প্রায় সাড়ে ৩ শ’ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার দীর্ঘ এই শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়।

বাঁধ এলাকার ভাঙ্গন নিয়ন্ত্রণের জন্য চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৮৪ কোটি টাকা ব্যয়ে ২ লাখ ৩৩ হাজার ২৮৮ মেট্রিক টন পাথর ও ১ লাখ জিওব্যাগ নিক্ষেপের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। মের্সাস মোনায়েম লিমিটেড ওই কাজ পেলেও সঠিক সময়ে পাথর ও জিওব্যাগ ফেনা না হওয়ায় ধস দেখা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী সাজিদুল ইসলাম সর্দার বলেন, বাঁধ সংস্কারের জন্য দিনাজপুরের মধ্যপাড়া থেকে কঠিন শিলা ও ভারত থেকে পাথর সরবরাহ করার কথা ছিল। কিন্তু মধ্যপাড়ায় পাথর সঙ্কট থাকায় ঠিকাদার সঠিক সময়ে পাথর সরবরাহ করতে পারেনি।