‘মুসলমানদের জন্য জামায়াতের দরদ নেই’
মুসলমানদের দুর্ভোগ বাড়াতেই জামায়াতে ইসলামী ঈদের পরে হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
তিনি বলেন, “এই তথাকথিত হরতালেও সকল ট্রেন যথাসময়ে চলাচল করবে। ভীত হওয়ার কিছু নেই।
“ইসলামের দোহাই দিয়ে জামায়াত রাজনীতি করে অথচ মুসলমানদের জন্য তাদের কোনো দরদ নেই। তারা মুসলমানদের দুর্ভোগ ও কষ্ট বাড়াতে ঈদের পরে হরতাল ডেকেছে।”
বুধবার দুপুরে হঠাৎই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সফরে আসেন মন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।
শতকরা প্রায় ৯৯ ভাগ ট্রেনই এখন সময়মতো চলাচল করছে জানিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে রেলের পারফরমেন্স এবার অনেক ভালো।
“ঈদে ঘরমুখো যাত্রীর জন্য ১৫৫টি নতুন কোচ ও ২৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ঈদের আগে পাঁচ দিন এবং ঈদের পরদিন থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে।”
এ সময় মুজিবুল বলেন, কিছুদিনের মধ্যেই ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া ডেমো ট্রেন চালু করা হবে।
বেলা বারোটায় সড়কপথে কুমিল্লা থেকে রওয়ানা হয়ে ব্রাহ্মণবাড়িয়া আসেন মন্ত্রী। পরে তিনি ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হন।
ট্রেনে উঠার আগে মন্ত্রী যাত্রীদের সঙ্গেও কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান (বীর প্রতীক) উপস্থিত ছিলেন।
