সব মেনে নিয়েই বাড়ি ফেরার যুদ্ধ
নির্ঝঞ্ঝাট বাড়ি ফেরা নিশ্চিত করতে যারা ঈদের বেশ কিছুদিন আগেই স্বজনদের পাঠিয়ে দিয়েছেন, ঈদের ছুটি পেয়ে বাড়ি ফিরতে গিয়ে নিস্তার পাচ্ছেন না তারাই। একদিকে বৃষ্টি, অন্যদিকে যানজট। সঙ্গে আছে টিকিটের বাড়তি মূল্যের বাড়তি চাপ।
অভিযোগ আছে আরো, তবে সবকিছু মেনে নিয়েই বাড়ি ফেরার চেষ্টায় যাত্রীরা।
বুধবার গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, কল্যাণপুর, টেকনিক্যাল, শ্যামলী এলাকার বিভিন্ন বাস কাউন্টারের পাশাপাশি সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে উপচে পড়া ভিড়।
বৃষ্টি উপেক্ষা করে স্বজনদের সঙ্গে রংপুরে ঈদ করতে যাওয়ার জন্য গাবতলী বাস টার্মিনালে এসেছেন জিয়াউল হক।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়াউল জানালেন, চার দিন আগেই স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন যেন শেষ সময়ে কোনো ঝামেলা না হয়। তবে পদে পদেই এখন তাকে পোহাতে হচ্ছে ঝামেলা। টিকিট পাচ্ছেন না।
ব্যবসায়ী আবুল হাসেম স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে কল্যাণপুরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন আগে থেকে বুকিং দেয়া বাসের জন্য।
বললেন, সপ্তাহখানেক আগে বৃদ্ধ মাকে পাঠিয়ে দিয়েছেন তার এক ভাইয়ের সঙ্গে। এখন তিনি স্ত্রী-সন্তানদের সঙ্গে করে ফিরছেন। তবে সময় মতো বাস না পাওয়ায় ঈদের আনন্দ ফিকে হতে বসেছে।
“দুই ঘণ্টা আগেই বাসের সময় নির্ধারিত থাকলেও তা না আসায় অপেক্ষা ছাড়া কোনো কিছু করার নেই। বাচ্চা দুটো অসুস্থ হয়ে পড়ছে।”
হানিফ এন্টারপ্রাইজ টিকিট প্রতি ভাড়া একশ টাকা বেশি নিয়েছে বলে জানালেন আবুল হাসেম। প্রতিটি টিকিট তারা কিনেছেন ৬৫০ টাকা দামে।
টেকনিক্যাল বাস কাউন্টারে এ কে পরিবহনে করে সাতক্ষীরা যাবেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম। তিনি বলেন, ঈদে বাসে ভাড়া বেশি রাখবে এটা মেনে নিয়েই তিনি কাউন্টারে এসেছেন। “এখন টিকিট মিললেই সব কষ্ট দূর হয়ে যাবে।”
তবে বেশি ভাড়ার অভিযোগ নেই ডিজিটাল টিকিট সুবিধা সম্পন্ন বাসগুলোর ক্ষেত্রে।
গাবতলীর সোহাগ পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মনোয়ার মিয়া বলেন, এ পরিবহনে ডিজিটাল পদ্ধতিতে টিকিট বুকিং চলে বলে ভাড়া বেশি নেয়ার কোন সুযোগ নেই।
আর দক্ষিণাঞ্চলে যেতে সদরঘাটে বুধবার সকাল থেকেই বাড়ছে যাত্রীর ভিড়, কোলাহল। বাড়তি ভাড়ার সঙ্গে সেখানে দেখা গেল বিপদজ্জনকভাবে যাত্রী বোঝাই করা হচ্ছে লঞ্চগুলোতে।
অবশ্য কর্তৃপক্ষ বলছেন, ডেঞ্জার জোন অতিক্রম করেনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) পরিবহন পরিদর্শক (টিআই) মাহমুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ৪০টি লঞ্চ ছেড়ে যায় এবং যাওয়ার জন্য আরো ৩৫টি লঞ্চ অপেক্ষা করছে।
তিনি বলেন, মঙ্গলবার সদরঘাট থেকে ৯৭টি লঞ্চ ছেড়ে যায়। আর আগের দিন অর্থাৎ সোমবার যায় ৭৭টি।
অন্যান্য দিনের তুলনায় বুধবার সকালে যাত্রীর চাপ থাকলেও দুপুরে বৃষ্টির কারণে তা খানিকটা কমে আসে।
জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬ তারিখ থেকে স্পেশাল সার্ভিস চালু হয়েছে এই সুযোগ থাকবে ঈদের পরের ১০ দিন।
সুন্দরবন লঞ্চের ব্যবস্থাপক মানোয়ার হোসেন ঝন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালে একদিন পিছিয়ে দিলেও যাত্রী সংখ্যা বাড়ছে না।
বিআইডাব্লিউটিএর নিজের নিরাপত্তা ব্যবস্থায় পঁচিশটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া পুলিশ-র্যাবসহ অন্যান্য বাহিনীর সিসি ক্যামেরা রয়েছে।
অতিরিক্ত যাত্রী নিয়ে সদরঘাট থেকে কোন লঞ্চ ছাড়া হচ্ছেনা বলে জানান, নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।
কর্তৃপক্ষ জানান, পুরাতন লঞ্চের সঙ্গে এ বছর যোগ হয়েছে নতুন পনেরটির বেশি লঞ্চ।
এ বছর যোগ হওয়া নতুন লঞ্চগুলোর মধ্যে রয়েছে- পুবালী-১, রেডসান-৫, সুন্দরবন-৯, কোয়াকাটা-১, সাত্তার খান, টিপু-৭, অভিযান-৫, বে-ক্রুজার, প্রিন্স আওলাদ-৪, সম্রাট-২, এমভি ফারহান ৩ ও ৪।
বিআইডাব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. সোলায়মান বলেন, দেশের দক্ষিণাঞ্চলে প্রায় একশ’ পঞ্চাশটি লঞ্চ চলে। আর রুট রয়েছে ৩৯টি।
