জামিন পেলেন ব্লগার আসিফ
তথ্য প্রযুক্তি আইনের মামলায় ব্লগার আসিফ মহীউদ্দিনকে এক মাসের জামিন দিয়েছে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।
আসিফের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া চলতি বছরের শুরুতে এই ব্লগারের ওপর হামলা ও তার হাসপাতালে চিকিৎসাধীন থাকার নথিপত্র জমা দিয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. জহুরুল হক শর্ত সাপেক্ষে এক মাসের অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
জামিনের আবেদনে জ্যোর্তিময় বড়ুয়া বলেন, বঙ্গবন্ধু মেডিকেলে আরো চিকিৎসার জন্য আসিফের জামিন প্রয়োজন।
এর আগে জামিনের শর্ত ভাঙার কারণে আসিফের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছিলেন জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান।
সবিশেষ ব্লগার আসিফকে লেখা বন্ধ করতে বলেছে পুলিশ
ধর্ম নিয়ে ব্লগে ‘আপত্তিকর’ লেখালেখির অভিযোগে গত এপ্রিলের শুরুর দিকে আসিফের পাশাপাশি ব্লগার মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ ও রাসেল পারভেজকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দুটি মামলা করে পুলিশ। এর মধ্যে এক মামলায় শুভ, পারভেজ ও বিপ্লব এবং অন্য মামলায় আসিফকে আসামি করা হয়।
চারজনের মধ্যে রাসেল ও শুভ ১২ মে এবং বিপ্লব ২ জুন জামিন পান। প্রায় তিন মাস কারাগারে কাটানোর পর গত ২৭ জুন জামিন পান আসিফও।
তবে ২৭ জুলাই ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার দুই দিন পর তিনি আদালতে হাজির হয়ে আবারো জামিনের আবেদন করলে শর্ত ভঙ্গের কারণ দেখিয়ে আদালত তাকে কারাগারে পাঠায়।
আদালতের পেশকার ইফতেখার হোসেন সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই আসিফের আদালতে হাজির হয়ে জামিন চাওয়া উচিত ছিল। তা না করে দুদিন পর হাজির হওয়ায় শর্ত ভঙ্গ হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ এর ২ ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানি দেয়ার অভিযোগের এ মামলায় গত ১৭ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। আগামী ২৫ অগাস্ট আসিফের মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন রয়েছে।
ব্লগে লেখালেখির জন্য সম্প্রতি হামলার মুখে পড়তে হয় আসিফকে। গত ১৪ জানুয়ারি রাতে উত্তরায় তার ওপর হামলা হয়। ছুরিকাঘাতের গুরুতর জখম নিয়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
