২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত চুক্তি: সমর্থন দেবে না বিজেপি

দীপু মনির দিল্লি সফর আর সালমান খুরশিদের চেষ্টার পরও ভারতীয় জনতা পার্টি-বিজেপির বিরোধিতায় অনিশ্চিত হয়ে গেল স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভারত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 09:57 AM

Updated : 23 Aug 2022, 06:41 PM

বিরোধী দলে থাকা বিজেপি জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি কার্যকর করতে ভারতের সংবিধান সংশোধনের বিলে তারা সমর্থন দেবে না।

লোকসভা ও রাজ্যসভায় ক্ষমতাসীন কংগ্রেসের দুই তৃতীয়াংশ সমর্থন না থাকায় বর্তমান সরকারের মেয়াদে আর এ চুক্তি বাস্তবায়নের আশা থাকল না। 

বিজেপি বলছে, মনমোহন সিংয়ের সরকার এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে।

সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বিজেপি নেতা যশবন্ত সিনহা বলেন, কংগ্রেস সরকার পেনশন বিলের বিষয়ে বিজেপির সংশোধনী প্রস্তাবে সম্মত হয়েছে। ফলে বিজেপি পার্লামেন্টে পেনশন বিল পাসে সমর্থন দেবে। তবে বীমা বিল বা বাংলাদেশের সঙ্গে চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিলে নয়।   

ঝাড়খন্ড থেকে নির্বাচিত লোকসভার এই সদস্য বলেন, “খবরে বলা হচ্ছে বিল নিয়ে সরকারের সঙ্গে বিজেপির সমঝোতা হয়েছে। কিন্তু তেমন কোনো সমঝোতা কোথাও হয়নি। আমরা ওইসব বিষয়ে সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নই।”     

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করছে বলেও অভিযোগ করেন যশবন্ত।

Image
যশবন্ত সিনহা

যশবন্ত সিনহা

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিৎ ছিল বাংলাদেশের সঙ্গে চুক্তি করার আগে বিজেপির সঙ্গে আলোচনা করা। তা না করে কংগ্রেস এখন সমর্থন চাইছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি কার্যকর করার জন্য ২০১১ সালের ঢাকা সফরে প্রটোকলে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

স্থলসীমান্ত চুক্তি ও প্রটোকলের আওতায় ভারতের অভ্যন্তরে বাংলাদেশের মোট সাত হাজার ১১০ একর আয়তনের ৫১টি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের মোট ১৭ হাজার ১৬০ একর আয়তনের ১১১টি ছিটমহল বিনিময়ের কথা রয়েছে, যা নিয়ে বিজেপির আপত্তি।

দলটি বলছে, ছিটমহল বিনিময় হলে যে পরিমাণ জমি হাতবদল হবে, তাতে ভারত প্রায় ৭ হাজার একর বেশি জমি হারাবে।

বাংলাদেশি ছিটমহলগুলোতে প্রায় ১৪ হাজার মানুষের বসবাস। আর ভারতীয় ছিটমহলগুলোর জনসংখ্যা প্রায় ৩৭ হাজার।

ওই চুক্তির সঙ্গে ভূমি বিনিময়ের বিষয়টি জড়িত হওয়ায় ভারতীয় আইন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার এ বিষয়ে গত ফেব্রুয়ারিতে বিল তোলার উদ্যোগ নিলেও বিরোধী দলের বিরোধিতায় তা আটকে যায়।

এরপর সোমবার শুরু হওয়া পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনে আবারো বিলটি তোলার জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বিরোধী দলের সমর্থন আদায়ের চেষ্টা শুরু করেন।

গত মাসের শেষ দিকে দিল্লি সফরে গিয়ে রাজ্যসভায় বিরোধী-দলীয় নেতা বিজেপির অরুণ জেটলির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। অরুণ জেটলি সে সময় দীপু মনিকে বলেছিলেন, দলের মধ্যে আলোচনা করে তারা এ বিষয়ে জানাবেন।

ওই সফরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের সঙ্গেও সাক্ষাৎ করেন দীপু মনি। তারাও চুক্তি বাস্তবায়নে ভারত সরকারের সদিচ্ছার কথা জানান।

কিন্তু বিজেপির জবাবের পর এ চুক্তি বাস্তবায়নের আশা অনির্দিষ্টকালের জন্য ঝুলে গেল।

পুরনো খবর:

এবার মোদির সঙ্গে  তারিক এ করিমের সাক্ষাৎ
চুক্তির ব্যর্থতা নির্বাচনে প্রভাব ফেলবে: দীপু মনি
সীমান্ত চুক্তি বাস্তবায়নের আশ্বাস মনমোহনের