ঈদ : চট্টগ্রামেও ঘরে ফেরার মিছিল
ঈদে ঘরমুখো মানুষ বন্দর নগরী ছাড়তে শুরু করেছে। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর কয়েকটিতে উপচে পড়া ভিড়ও ছিল।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়া ঢাকামুখী সুর্বণ এক্সপ্রেস ও মহানগর প্রভাতী ট্রেনে ভিড় তুলনামূলক কম ছিল।
কিন্তু বিকালের ট্রেনগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ও চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ছাদেও ওঠে হাজার খানেক যাত্রী।
সড়ক পথে যারা চট্টগ্রাম ছেড়েছেন তারা পড়েছেন যানজটের বিড়ম্বনায়।
মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় একটি পাট কলের শ্রমিকরা সড়ক অবরোধ করলে যানজট সৃষ্টি হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় মহানগর গোধূলী। এই ট্রেনে স্বাভাবিকের চেয়ে একটু বেশি যাত্রী গেলেও ছাদে কোনো যাত্রী ছিল না।
গোধূলীর যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, Òনরসিংদীতে বাবা-মায়ের সঙ্গে ঈদ করব। তাই ছুটি নিয়ে একটু তাড়াতাড়িই চলে যাচ্ছি|”
বিকাল ৩টা ১০মিনিটে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে স্টেশনে আসতেই যাত্রীদের হুড়োহুড়ি লেগে যায়।
মালামাল নিয়ে ট্রেনের ছাদে আশ্রয় নেন নেত্রকোনার স্থায়ী বাসিন্দা কৃষি শ্রমিক মো. কামাল।
তিনি পকেটে থাকা টিকিট দেখিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই টিকিট কাটছি। কিন্তু ভেতরে বসার জায়গা নেই। তাই ছাদে উঠছি।”
এরকম প্রায় শ’ তিনেক মানুষ ছাদে আশ্রয় নেয়। প্রায় আধ ঘণ্টা পর নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে বাড়তি চারটি বগি সংযুক্ত করা হয়।
এরপর ছাদের ভিড় কিছুটা কমে। তবে বিকাল ৫টায় স্টেশন ছেড়ে যাওয়া চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের সর্বত্রই ছিল ভিড়।
এই ট্রেনের পা-দানিতেও যাত্রী বসেছিল। ছাদে অবস্থান নেয় কয়েকশ মানুষ। পুরাতন রেলস্টেশন সংলগ্ন যাত্রী পারাপারের সেতুর রেলিং গলে মেঘনার ছাদে আশ্রয় নেন লাকসামগামী যাত্রী পোশাক কারখানার কর্মী সাইদুর রহমান।
তিনি বলেন, “সারা বছর একবারই বাড়ি যাই। বড় ভাই ঢাকায় থাকে। বোনরাও বাড়ি আসবে। তাই কষ্ট করে হলেও এভাবেই যাচ্ছি।”
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়েছে।
“টিকিট নিয়েই দাঁড়িয়ে ও ছাদে বসে কিছু যাত্রী যাচ্ছেন। আমরা সাধ্যমত অতিরিক্ত বগি যোগ করছি।”
