২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ঘরে ফেরার ‘কাঁটা’

ঈদের পর জামায়াতের ডাকা হরতালের কারণে উত্তরাঞ্চলের অনেক মানুষই ফিরছেন না আপনজনের কাছে, যার প্রভাবে মঙ্গলবার ঢাকা-সিরাজগঞ্জ রুটে যাত্রীসংখ্যা ছিল বরাবরের তুলনায় অনেক কম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 09:36 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

এ পরিস্থিতিতে পরিবহন খাতের সঙ্গে জড়িতরা নিজেদের হতাশা প্রকাশ করেছেন।

গত বৃহস্পতিবার বিকালে হাই কোর্টের এক রায়ে নিবন্ধন বাতিলের পর সন্ধ্যায় এক বিবৃতিতে ঈদের পর পরই ৪৮ ঘণ্টার হরতাল ডাকে জামায়াতে ইসলামী। 

তবে মঙ্গলবার দলটির এক বিবৃতিতে হরতাল পেছানোর কথা জানিয়ে এতে বলা হয়েছে, ১২ ও ১৩ অগাস্টের পরিবর্তে ১৩ ও ১৪ অগাস্ট ৪৮ ঘণ্টার হরতাল করবে তারা।

সিদ্ধান্ত পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বিবৃতিতে বলেন, ঈদুল ফিতরের ছুটির পর মানুষের কর্মস্থলে ফিরে আসার কথা বিবেচনা করে কর্মসূচি পুনর্নির্ধারণ করা হল।

শহরের অনেক মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, হরতালের কারণে তাদের পরিবারের অনেক সদস্য এবার ঈদ করতে ঢাকা থেকে বাড়ি আসছেন না। যদি ঈদের পর ফিরতে সমস্যা হয় এই ভয়ে।

তারা বলেন, অনেকে ঢাকা ফেরার অগ্রিম টিকিট কাটলেও হরতালে গাড়ি চলেবে কিনা এ আশঙ্কায় টিকিট ফেরত দিয়েছেন। ফলে তাদের এবার আর গ্রামে এসে ঈদ করা হচ্ছে না।

আর এর প্রভাব পড়েছে পরিবহন খাতেও।

সিরাজগঞ্জ বাজার স্টেশনে সিএনজি আটোরিকশা স্ট্যান্ডের সুপারভাইজার জনি বলেন, ঈদের আগে এ সময় সাধারণত ফুসরত পাওয়া যায় না, কিন্তু এবার যাত্রী নেই।

এসআই বাস কাউন্টারের মাস্টার শাহজামাল আলী বলেন, যদি হরতাল বাড়ানো হয়, তাহলে বাড়ি থেকে ফিরতে সমস্যা হবে। সেই ভয়ে মানুষ বাড়ি যাচ্ছে না।

বাজার স্টেশন এলাকার ঢাকা-সিরাজগঞ্জ-ঢাকায় চলাচলকারী অভি বাস কাউন্টারের ম্যানেজার মিলন রহমান বলেন, ঢাকা-সিরাজগঞ্জ রুটে অতিরিক্ত যাত্রী নেই, শুধু সিটিং সার্ভিস চলছে।

“এবারের মত অবস্থা কোনবারেই হয়নি। মনে হয়, হরতালের ভয়েই মানুষ ঢাকা ছাড়তে চাচ্ছে না।”

অগ্রিম টিকেটের চাপ নেই বলে জানিয়েছেন স্টারলিট বাস কাউন্টারের ব্যবস্থাপকও।

এই রুটেরই একজন সুপারভাইজার ছাইদুল ইসলাম বলেন, আগের বছরগুলোতে প্রতিদিন কমপক্ষে ৪ বার ঢাকা যাতায়াত করতাম। এতে আয় রোজগার অনেক বেশি হতো।

“কিন্তু যাত্রী কমের কারণে এবার বাড়তি আযের সে সুযোগ নেই।”

একই কারণে ভীড় নেই ট্রেনেও।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সদানন্দপুরের শহীদ কাপ্টেন মুনসুর আলী রেলওয়ে স্টেশনের বুকিং ক্লার্ক আজাহার আলী বলেন, গত ঈদগুলোতে এ সময় ঢাকা-উত্তরাঞ্চলের ট্র্রেনগুলোতে উপচে পড়া ভীড় থাকতো।

এবার সেগুলো স্বাভাবিক সময়ের মতো যাত্রী নিয়ে চলাচল করছে।