২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে বেতন-বোনাস হচ্ছে না রোকেয়া বিশ্ববিদ্যালয়ে

তিনমাস ধরে বেতন পাচ্ছেন না রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। ঈদ বোনাসের আশা থাকলেও শেষ পর্যন্ত তাও পাননি তারা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 05:19 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে শিক্ষকদের একাংশ গত ২৫ জুলাই থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন।

উপাচার্য এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়ার পরও কোনো ফল হয়নি। ঈদের আগে দাবি পূরণ না হলে ঈদের পর কঠোর কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় অচল করে দেয়ার ঘোষণা দিয়েছেন ওই শিক্ষকরা।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ক্যাম্পাসে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শিক্ষক নেতারা।

সংগঠনের আহ্বায়ক ড. সরিফা সালোয়া ডিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছি। ঈদে ছেলে-মেয়েদের নিয়ে আনন্দ করবো কোথায়, লজ্জ্বায় তাদের সামনে দাঁড়াতে পারছি না।”

তিনি আরো বলেন, “ঈদের পরে কঠোর কর্মসূচি দিয়ে বিশ্ববিদ্যালয় অচল করে দেয়া হবে।”

এ বিষয়ে উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুন মাস পর্যন্ত স্থায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন জমা ছিল। ৮ মে দায়িত্ব নেওয়ার পর জানতে পারি অস্থায়ী ভিত্তিতে আগের উপাচার্যের নিয়োগ দেয়া ৩৩৩ জন শিক্ষক-কর্মচারীকে বেতন দিয়ে স্থায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন শেষ করে ফেলা হয়েছে।”

চলতি অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেতন বরাদ্দ দিয়েছে। তবে টাকা ছাড় না হওয়ায় ঈদের আগে বেতন দেয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক শাহজাহান আলী মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৬১৬ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে ইউজিসি অনুমোদন রয়েছে ২৮৫ জনের। বাকি ৩৩৩ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীকে ইউজিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে তৎকালিন উপাচার্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেন। গত ৮ জুলাই তাদের নিয়োগের মেয়াদও শেষ হয়ে গেছে।

তিনি বলেন, “এই অতিরিক্ত শিক্ষক-কর্মচারীর বেতন দিতে গিয়ে স্থায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন ফুরিয়ে যায়। মে মাস থেকে বকেয়া পড়েছে স্থায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন।” 

এদিকে  মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের সদস্য সচিব ড. তুহিন ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আগের উপাচর্যের ভুলের মাশুল এখন আমাদেরকে দিতে হচ্ছে। বেতন না পাওয়ায় ঈদের আনন্দ মাটি হয়ে গেছে।”