২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা ছিনতাই: গণপিটুনিতে নিহত ১

চট্টগ্রামের চন্দনাইশে চালককে ছুরি মেরে অটোরিকশা নিয়ে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সোমবার রাতে উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইদ্রিস (২২) আনোয়ারা উপজেলার ধুরং ছড়া গ্রামের জাকের আহমদের ছেলে। আর আহত মো. ফারুক (২৪) একজন অটোরিকশা ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে পটিয়া থানার মোড় থেকে ইদ্রিস ও ফারুকসহ চার ব্যক্তি চন্দনাইশের বৈলতলী গ্রামে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করে।

অটোরিকশাটি চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা চালক ওসমান আলীকে ছুরি মেরে বাহন চালিয়ে আনোয়ারার দিকে রওনা হয়।

“আহত ওসমান টেলিফোনে সাঁথঘাটিয়া এলাকার চালক সমিতিকে বিষয়টি জানালে সেখানকার অন্যান্য চালক ও এলাকাবাসী বাংলা বাজার এলাকায় অটোরিকশা থামিয়ে ইদ্রিস ও ফারুককে পিঠুনি দেয়।”

পরে পুলিশ তাদের উদ্ধার চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ইদ্রিস মারা যান বলে এসআই রফিকুল জানান।

দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।