দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বিরামপুর শহরের টিঅ্যান্ডটি মোড়ে এ দুর্ঘটনায় নিহত সামছুল হক (২৫) নোয়াখালীর মীর আলমগঞ্জ এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
বিরামপুর থানার উপ পরিদর্শক (এসআই )বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে বোচাগঞ্জগামী হানিফ এন্টারপ্রাইজ একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চাল বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে সামছুল নিহত হয়।
আহতদের মধ্যে তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায় বলে জানান তিনি।
