বন্দরে ক্রেনের ধাক্কায় নিহত ১
চট্টগ্রাম বন্দরে ক্রেনের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে বন্দরের ভিতরে ১০ নম্বর বাথ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বন্দর থানার এসআই আবদুল গফুর জানান।
নিহত আবদুস সাত্তার (৪০) কুমিল্লার মনোহরগঞ্জের বিনাইনগর গ্রামের মৃত মীর আহমদের ছেলে। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নূর হোসেন নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই বলেন, বন্দরের ১০ নম্বর বাথে ক্রেনে পণ্য সংযুক্ত করার সময় ক্রেনের হুকের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান সাত্তার।
“বার্থের পাকা মেঝেতে পড়ে মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
