২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর কর কমিশনারসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

করদাতাকে না জানিয়ে তার ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের পর তা বন্ধ করে দেয়ার অভিযোগে রাজশাহী কর অঞ্চলের কমিশনারসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 11:32 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

রোববার রাজশাহীর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাটি করেছেন রাজশাহী নগরের উপ-শহর এলাকার বাসিন্দা চিকিৎসক অভিজিৎ দাম।

মামলায় রাজশাহী অঞ্চলের কর কমিশনার আ জ ম জিয়াউল হক, সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম ও কর পরিদর্শক আবুল বাশারকে আসামি করা হয়েছে।

মামলার শুনানি শেষে আদালতের বিচারক হোসেন শহীদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী কার্যালয়কে বিষয়টি তদন্ত করে একমাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বাদির আইনজীবী সাইদুর রহমান খান।

মামলার আরজিতে বলা হয়েছে, অভিযুক্তরা বাদির কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করে না পাওয়ায় তার অজ্ঞাতে ক্ষমতার অপব্যবহার করে ২৯ জুন সোনালী ব্যাংকের রাজশাহী মেডিকেল কলেজ শাখায় তার ব্যাংক হিসাব থেকে ১১ লাখ ১৩ হাজার ১৭৫ টাকা তুলে নিয়ে ব্যাংক হিসাবটি জব্দ করেন। এজন্য তারা সোনালী ব্যাংকে একটি নোটিশ জারি করে, যা বেআইনি।

বিষয়টি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে লিখিত অভিযোগ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

গত ১৮ জুলাই কর কমিশনারকে একটি আইনি নোটিশ দেয়া হলেও সাড়া না পেয়ে ভুক্তভোগী আদালতে মামলা করেন।