২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরতে শুরু করছে মাটিরাঙ্গার পাহাড়িরা

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় এক মোটরসাইকেল চালক অপহরণের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় গ্রামছাড়া পাহাড়ি পরিবারগুলো বসতভিটায় ফিরতে শুরু করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 04:39 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা তাদের পূর্ণ নিরাপত্তা, ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন  ও দোষীদের শাস্তির নিশ্চয়তা দিলে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে আশ্রিতরা ফিরতে রাজি হন।

তবে ফেনী নদীতে পানি বেশী হওয়ায় নদী পার হতে না পাড়ায় পাহাড়িদের নিজ বসতবাড়ীতে ফেরা বিলম্বিত হচ্ছে।

শনিবার মাটিরাঙ্গার তাইন্দংয়ে আবুল কালাম নামে এক মোটরসাইকেল আরোহী অপহরণের পর সীমান্তবর্তী তিন পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করে পাহাড়ি বাঙ্গালিরা। ভয়ে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয় আতঙ্কিত শতাধিক পরিবার।

প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে পাহাড়িদের পূর্ণ নিরাপত্তা, পূর্নবাসন ও ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।

তিনি বলেন, “মানবতাবিরোধী উগ্র সাম্প্রদায়িকরা পাহাড়ে পাহাড়ি-বাঙ্গালির সম্প্রীতি নষ্ট করার জন্য এ ঘটনা ঘটিয়েছে।”

পরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় আশ্রয় নেয়াদের মধ্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকোমল চাকমা, পুতুল চাকমা ফেনী নদী সাঁতরিয়ে ফিরে আসেন।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এমদাদুল হক, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. মাসুদ করিম ও পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমানসহ উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এমদাদুল হক জানান, ওই ঘটনায় আতঙ্কিত হয়ে দেড় শতাধিক পরিবার বাংলাদেশ ভারতের সীমান্তে নো-ম্যান্স ল্যান্ডে আশ্রয় নিয়েছে। তাদের ফেনী ছড়া ক্যাম্প পয়েন্ট দিয়ে নিজ বসত বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে।

এদিকে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ ঘটনায় দোষীদের বিচার এবং ক্ষতিগ্রস্তদের পূর্নবাসন দাবিতে সোমবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।