২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অবরোধে লাঠিপেটার অভিযোগ

ধসেপড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহতদের স্বজনদের অবরোধ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

বকেয়া বেতন-ভাতা, ঈদ বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে রোববার বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ডে অবরোধ করে শ্রমিকরা।

শ্রমিকরা জানান, অন্তত দুই শতাধিক বিক্ষুব্ধ শ্রমিক অবরোধে অংশ নেন। পরে পুলিশ লাঠিপেটা করলে অন্তত ২০ জন আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তবে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান।

অবরোধে ওই মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

নিহতদের স্বজন ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অভিযোগ, ক্ষতিপূরণ তো দূরের কথা তাদের বকেয়া বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এক মাসের বকেয়া বেতন দেওয়ার কথা বলে শ্রমিকদের কাছে থাকা পরিচয়পত্রটিও বিজিএমইএ অনেক আগেই কেড়ে নিয়েছে।

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ শ্রমিকদের।

পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তির সৃষ্টি করে মহাসড়ক অবরোধ করে রানা প্লাজার কিছু শ্রমিক। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে।

গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডে বহুতল ভবন রানা প্লাজা ধসে ১১৩২ জন শ্রমিক নিহত হয়। গুরুতর আহত হয়ে আরো হাজারেরও বেশি শ্রমিক পঙ্গু জীবন কাটাচ্ছেন।