সিরাজগঞ্জে বাস-অটোর সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো অন্তত ১৭ যাত্রী আহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাজিপুর উপজেলার দুবলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাজীপুর উপজেলার শাউদতলা গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে আবুল কালাম আজাদ (৫৪) ও সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লার বাসিন্দা ও বাসচালকের সহকারী মোকতেল হোসেন (৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাজিপুর থেকে সিরাজগঞ্জগামী নাইম পরিবহনের বাসটির চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় বাসটিও সড়কের পাশের একটি গাছে গিয়ে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবুল কালাম আজাদ ও বাসচালকের সহকারী মোকতেল মারা যান।
কাজিপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, আহতদের মধ্যে ১৩ জনকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে।
