ফেঞ্চুগঞ্জে দুইভাই খুন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সহোদর খুন হয়েছেন, যাদের একজন সদ্য এইচএসসি উত্তীর্ণ।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি সহিদুর রহমান জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১০টা দিকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা বাজারে এ খুনের ঘটনা ঘটে।
তিনি বলেন, শাহিন আহমদ (২০), শামীম আহমদ (২২) ও তমাল (২২) ওই বাজারে গেলে ৮/১০ জন যুবক তাদের উপর হামলা চালায়। পরে তাদের আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহীন ও শামীমকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শফিকুল আলম বলেন, তাদের শরীরে কোপের ক্ষত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নিহতরা উপজেলার কটুয়াবহর গ্রামের ছানু মিয়ার ছেলে। শাহিন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছিল। তার ভাই শামীম ফেঞ্চুগঞ্জ সার কারখানার শ্রমিক।
এদিকে ঘটনার পর সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার গোপাল চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে তল্লাশি চলানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
