২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পাহাড়ি বসতিতে আগুন, লুটপাট

এক মোটর সাইকেল চালককে অপহরণকে ঘিরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকায় পাহাড়িদের পাঁচটি গ্রামে অর্ধশতাধিক ঘর-বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 12:58 AM

Updated : 23 Aug 2022, 06:40 PM

শনিবার বিকেল ৩টার দিকে তাইন্দংয়ের বান্দরশিং পাড়া, বগা পাড়া, মনুদাস পাড়া, সর্বস্ব পাড়া ও লাকু হেডম্যান পাড়ায় চাকমা ও ত্রিপুরাদের বসতিতে এ হামলা হয়।

হামলার পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এসব বাসিন্দারা পালিয়ে সীমান্তবর্তী জঙ্গলে আশ্রয় নিয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির তাইন্দং কোম্পানি কমান্ডার বাদশা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুষ্কৃতকারীরা পাঁচটি গ্রামের অধিকাংশ ঘর-বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে। আগুন দিয়েছে অনেক বাড়িতে।

তাদের ওপর যাতে ফের কোনো ধরনের সহিংসতা না হয় সেজন্য বিজিবি মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক জানান, শনিবার বেলা ১২টার ‍দিকে ভাড়ায়চালিত মোটর সাইকেলচালক  মো. কামাল (৩২) তাইন্দংয়ের বান্দরসিং এলাকা থেকে অপহৃত হন বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে।

এরপর স্থানীয় বাঙালি অধিবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই এক পর্যায়ে বিকাল ৩টার দিকে পাহাড়ি বসতিতে হামলা হয়।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাইন্দংয়ের নোয়াপাড়া এলাকা থেকে মোটর সাইকেলচালক মো. কামালকে আহত অবস্থায় থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. মাসুদ করিম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাহে আলম বলেন, এই  ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন করা হবে। আর যারা পালিয়ে আছেন তাদের বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

ঘটনার পর বান্দরশিং, বগা ও সর্বস্ব পাড়া ঘুরে আসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খাগড়াছড়ি প্রতিনিধি নুরুল আযম।

তিনি বলেন, ওই সব গ্রামে কোনো মানুষ নেই। বাড়িতে হাস-মুরগি এবং গরু-ছাগল ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।

হামলার প্রতিবাদে বিকালে খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ করেছে ইউপিডিএফ।

হামলাকারীদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে তারা।

পুরনো খবর:

বিএনপি নেতা অপহরণ, পাহাড়ি গ্রামে আগুন