‘ইতিহাসের পোট্রেট যাবে সারাদেশে’
তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে গণজাগরণ মঞ্চের ‘ইতিহাসের পোট্রেট’ ঈদের পর সারাদেশে ছড়িয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার প্রদর্শনীর শেষ দিন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কর্মসূচির প্রতি মানুষের আগ্রহ, উপস্থিতি এবং সারাদেশ থেকে পাওয়া ফোনের ভিত্তিতে আমরা প্রদর্শনীর মেয়াদ বাড়িয়েছিলাম। মানুষের আগ্রহ দেখে আমরা ঈদের পরে এটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
প্রদর্শণীটিকে দুটি ভাগে দেশের প্রান্তে পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।
“প্রধানত দুই ভাবে আমরা এ প্রদর্শনীটি আয়োজন করার কথা ভাবছি। প্রথমত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং দ্বিতীয়ত জেলা ও বিভাগ পর্যায়ে বা এলাকাভিত্তিক।”
তিনি বলেন, “প্রান্তিকের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য প্রদর্শনীর একটি ছোট ভার্সন করার চেষ্টা করছি। এতে বিভিন্ন ঐতিহাসিক সিকোয়েন্স রক্ষা করে শতাধিক আলোকচিত্র থাকবে। একই সঙ্গে প্রদর্শিত হবে চলচ্চিত্র এবং স্থানীয় ইতিহাস।”
তবে এখনো এর তারিখ ঠিক করা হয়নি বলে জানান ইমরান।
মক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্রগুলো নিয়ে গত ২৬ জুলাই শাহবাগে শুরু হয় আলোকচিত্র প্রদর্শনী ‘ইতিহাসের পোট্রেট’। আলোকচিত্র প্রদর্শনীতে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং দৃক গ্যালারি।
