ধুনটে জামায়াতের মিছিলে পুলিশি বাধা
বগুড়ার ধুনটে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে।
দলটির নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মীরা।
ধুনট বাজার বড় মসজিদ থেকে জোহারের নামাজের পর মিছিলটি বের হয়ে বাজারের পশ্চিম দিকে যাওয়ার পথে পিছন থেকে পুলিশ ধাওয়া করে।
উপজেলা জামায়াতের আমীর রেজাউল করিম বলেন, শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে পুলিশ হামলা করেছে।
তবে ধুনট থানার ওসি শাহজাহান পাশা বলেন, জামায়াতের মিছিল থেকে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের পরিকল্পনা ছিল। তাই তাদের মিছিলে বাধা দেয়া হয়েছে।
