২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশের ৫ কেন্দ্রে পাস ৯০.২৪ শতাংশ

এইচএসসি পরীক্ষায় বিদেশের পাঁচটি কেন্দ্রে ৯০ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা গতবারের চেয়ে প্রায় চার শতাংশ কম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 05:50 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

গত বছর  ৯৪ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।

এ বছর ১৬৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪৮ জন, যাদের ৩২ জন পেয়েছে জিপিএ-৫।

এর মধ্যে কাতারের বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের ২২ শিক্ষার্থীর ১৯ জন  পাস করেছে। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে ২৪ জনের ১৯ জন এবং জেদ্দার বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৮ জনের মধ্যে ৪৫ জন উত্তীর্ণ হয়েছে।

এ ছাড়া রিয়াদের বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৫ জনের মধ্যে ৬০ জন পাস করেছে।

আর ত্রিপলির বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ শিক্ষার্থীর সবাই পাস করেছে।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ১০ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৪৪ হাজার ৮৯১ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ১৯৭ জন।

শনিবার সকালে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।