রাজশাহীতে চটের বস্তায় কঙ্কাল
রাজশাহী নগরী থেকে চটের বস্তাবন্দি পাঁচ সেট মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে নগরীর বিলশিমলা বন্ধগেট এলাকায় কঙ্কালগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল করিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে পুলিশের একটি টহল দল রাজশাহী মেডিক্যাল কলেজ হোস্টেল সংলগ্ন বিলশিমলা রেল ক্রসিংয়ের কাছে একটি চটের বস্তায় থাকায় পাঁচ সেট মানুষের কঙ্কাল উদ্ধার করে।
ওসি রেজাউল বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে কঙ্কাল পাচারকারীরা পালিয়ে যায়।”
কঙ্কালগুলো ভারত থেকে পাচার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
