২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজার সামনে শহীদ বেদী

সাভারের ধসে পড়া রানা প্লাজার সামনে নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্মরণে একটি স্থায়ী শহীদ বেদী নির্মাণ করেছে কয়েকটি বাম সংগঠন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 07:12 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

শুক্রবার সকালে এ স্থায়ী শহীদ বেদীটির উদ্বোধন করা হয়।

পরে সেখানে বেদীর উদ্যোক্তা দাবানল, গণমুক্তি গানের দল, ল্যাম্পপোস্ট, প্রপদ, মার্কসবাদের প্রথম পাঠ, ছাত্র গণমঞ্চ, ছাত্র যুব আন্দোলন এ ৭টি সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন।

বেদীর ভাস্কর্যটি নির্মাণ করেছেন অনন্ত মোদক।

সকাল ১০টার দিকে আয়োজকরা বিপ্লবী শ্রমিক কমিটি ঢাকা-আরিচা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে। এ সময় মহাসড়কের এক পাশে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিল।

মিছিল শেষে শহীদ বেদী নির্মাণ কমিটির সমন্বয়কারী আশিষ কুড়াইয়ার সভাপতিত্বে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দাবানলের সুমন মৈত্র, ল্যাম্পপোস্টের সাধারণ সম্পাদক প্রিন্স আহম্মেদ, গণমুক্তির গানের দলের হাসান ফকরী, ছাত্র গণমঞ্চের শান্তুনু সুমন।

বক্তারা নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা তৈরি করে নিহত ও নিখোঁজ শহীদ পরিবারকে ২০ লক্ষ টাকা, আহতদের ১০ লক্ষ টাকা, পঙ্গুত্ববরণকারীদের ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণসহ পূনর্বাসনের দাবি জানান।