গাজীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে চালক খুন
গাজীপুরে এক মাইক্রোবাস চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, নিহত মানিক (৩৪) গাজীপুর জেলা শহরের রথখোলা এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার কামালপুর এলাকায়।
মানিকের মা ফজিলা খাতুন জানান, তার ছেলে শিববাড়ি মাইক্রোবাস স্ট্যান্ডে গাড়ি চালাতেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দুই যুবক কাজের কথা বলে মানিককে বাসা থেকে ডেকে নিয়ে যায়।
ওসি জানান, মানিকের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ।
তবে মানিকের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তার স্বামীকে বাসা থেকে বেরিয়ে দুই যুবকের সঙ্গে একটি মোটর সাইকেলে উঠতে দেখেন তিনি। তাদের মধ্যে আরিফ নামে স্থানীয় এক যুবককেও তিনি দেখেছেন।
এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।
