২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফের বিরুদ্ধে যুদ্ধাপরাধের যত অভিযোগ

জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ১৩টি অভিযোগ আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 01:08 AM

Updated : 23 Aug 2022, 06:39 PM

বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইউসুফের বিচার শুরুর আদেশ দেয়।

ট্রাইব্যুনাল বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৫ সেপ্টেম্বর দিন রেখেছে।

এই জামায়াত নেতার বিরুদ্ধে ১৩টি অভিযোগের মধ্যে সাতটি গণহত্যা, পাঁচটি হত্যা, একটি লুণ্ঠন ও অগ্নিসংযোগ এবং একটি ধর্মান্তরিতকরণের ঘটনা রয়েছে।

১. একেএম ইউসুফের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগে বলা হয়েছে- ১৯৭১ সালের ১৭ মে সকালে তার নির্দেশে সশস্ত্র রাজাকার বাহিনী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ বাজার ও এর আশপাশের এলাকার সব মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থক এবং হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে লুটপাট চালায় এবং অগ্নিসংযোগ করে।

২. ১৩ মে দুপুর ২টা থেকে ৬টার মধ্যে বাগেরহাট সদর থানাধীন রণজিতপুর গ্রামে সশস্ত্র রাজাকার বাহিনী ইউসুফের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের ৫০/৬০ জন নিরীহ ও নিরস্ত্র লোককে আটকে নির্যাতনের পর গুলি করে এবং বেয়নেট চার্জ করে হত্যা করে।

৩. ১৯ মে রাত সাড়ে ৯টা থেকে ১২টার মধ্যে মোড়েলগঞ্জ বাজারে ১৫/২০ জন পাকিস্তানি সেনাসদস্যের সঙ্গে ২০/২৫ সশস্ত্র রাজাকার তার নির্দেশে শান্তি রঞ্জন দাস, সত্যরঞ্জন দাস, কেশব চন্দ্র ও শংকর দাসকে হত্যা করে।

৪. ২১ মে বিকাল ৩টার দিকে বাগেরহাট জেলার রামপাল থানার ডাকরা গ্রামে ইউসুফের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের ৬০০/৭০০ জনকে ব্যাপক গুলিবর্ষণে হত্যা করে তারই সৃষ্ট রাজাকার বাহিনীর ৪০/৫০ সদস্য।

৫. ইউসুফের পরিকল্পনা অনুযায়ী তার সৃষ্ট রাজাকার বাহিনী ১৪ অক্টোবর বাগেরহাট সদর থানার সন্তোষ দেবনাথ, যজ্ঞেশ্বর পাল, খোরশেদ মল্লিক, রাখাল দেবনাথ, বিজয় দাস ও দূর্গাচরণ দেবনাথসহ আরো অনেক অজ্ঞাতকে চুলকাঠি বাজারে জড়ো করে। পরে তাদের বেঁধে পার্শ্ববর্তী চুলকাঠি পুরানো কাঠের ব্রিজের কাছে নিয়ে একের পর এক বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এবং গুলি করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়।

৬. তার নির্দেশে ও প্ররোচনায় রাজাকার বাহিনীর ৪৫/৪৬ জনের একটি সশস্ত্র দল ১৫ মে বিকাল ৪টার দিকে বাগেরহাট জেলার কচুয়া থানাধীন মঘিয়া, ভাষাবাজার ও ধোপাবাড়ীর মোড়ে হামলা চালায়। ওই এলাকার মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থক এবং হিন্দু সম্প্রদায়ের ১৫ জনকে আটক করে তারা। হাটের লোকজনদের সামনেই তাদের ‘দুষ্কৃতিকারী’ বলে রাইফেলের বাট ও লাঠি দিয়ে নির্দয়ভাবে পিটিয়ে গুরুতর জখম করে এবং টেনে-হিঁচড়ে মঘিয়ার বটতলা মোড়ে নিয়ে যায়। সেখানে আটকদের বেঁধে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়।

৭. ইউসুফের নির্দেশ, পরামর্শ ও প্ররোচনায় ৫০/৬০ জন রাজাকার রাইফেল, বন্দুক, স্টেনগান ও অন্যান্য আধুনিক আগ্নেয়াস্ত্রসহ ১৯৭১ সালের ৫ নভেম্বর বিকালে কচুয়া থানার শাখারীকাঠি বাজার ঘিরে ফেলে। ভয়ে ছুটোছুটি করতে থাকা লোকজনের মধ্যে বেছে বেছে হিন্দু সম্প্রদায় ও স্বাধীনতার পক্ষের লোকজনদের আটক করতে থাকে।

Image
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করে র‌্যাব।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করে র‌্যাব।

তারা বাজারের গামছার দোকানদার যথীন্দ্র নাথের (বর্তমানে মৃত) কাছ থেকে গামছা নিয়ে আটকৃতদের দুজন করে একসঙ্গে বেঁধে মারতে মারতে ৪০ জনকে খালের পাড়ে বটতলায় নিয়ে যায়। তাদের রাইফেলের বাট দিয়ে ও বেয়োনেট চার্জ করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এক পর্বায়ে আটককৃতদের বাজারের পশ্চিম দিকে খালের পাড়ে নিয়ে উত্তর-দক্ষিণে লাইন করে বসিয়ে দেয়। পরে তাদের টার্গেট ফায়ার করে হত্যা করা হয়।

৮. একাত্তরের জুলাই মাসের মাঝামাঝি কোনো একদিন দুপুরে ইউসুফের পরিকল্পনা ও নির্দেশে শাখাঁরিকাঠি বাজারে প্রায় ২০০ জন হিন্দুকে জোরপূর্বক মুসলমান নাম দিয়ে, কলেমা পড়িয়ে এবং গরুর মাংশ দিয়ে ভাত খাইয়ে ধর্মান্তরিত করে ৩০/৩৫ জন সশস্ত্র রাজাকারের একটি দল।

৯. ১৩ মে সকাল সাড়ে ৬টার দিকে মুক্তিযোদ্ধা আবু বক্করকে আটক করে মোড়েলগঞ্জ বাজারে তৎকালীন বারুইখালী ইউনিয়ন পরিষদ অফিস দখল করে স্থাপন করা রাজাকার ক্যাম্পে (বর্তমানে নদীগর্ভে বিলীন) নিয়ে নির্যাতন চালানো হয়। তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করার পরে একেএম ইউসুফ নিজে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিলে রাজাকাররা গুলি করে আবু বক্করকে হত্যা করে।

১০. ৭ জুন ইউসুফের নেতৃত্বে বাগেরহাট জেলার শরণখোলার রায়েন্দা বাজারে মুক্তিযোদ্ধাদের উপর রাজাকার বাহিনী সশস্ত্র হামলা চালালে রাজাকার ও মুক্তিযোদ্ধাদের মধ্যে যুদ্ধ হয়।এ যুদ্ধের এক পর‌্যায়ে মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে গেলে রায়েন্দা গার্লস স্কুলে মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন আনোয়ার হোসেন খান, ইসমাইল হোসেন খান ও আছমত আলী মুন্সিকে শরীরের বিভিন্ন স্থানে বেয়নেট চার্জ করে গুরুতর জখম করে রাজাকাররা। পরে তাদেরকে গুলি করে হত্যা করা হয়।

১১. ৯ জুন বিকাল ৩টার দিকে শরণখোলা থানার সুন্দরবন ও তাফালবাড়ীর আশেপাশের এলাকায় যুদ্ধের পর কয়েকজন মুক্তিযোদ্ধা চাল-ডাল, তরকারী কেনার জন্য তাফালবাড়ী বাজারে গেলে ইউসুফের নেতৃত্বে ২০/২৫ জন রাজাকার বাজারটি ঘিরে ফেলে। বাজারের দোকানগুলো তল্লাশি করে মুক্তিযোদ্ধা জয়নাল ফকিরকে আটক করে। তার গলায় পা দিয়ে চেপে ধরে রাইফেলের বাট দিয়ে পেটাতে থাকে। পেটাতে পেটাতেই তাকে তাফালবাড়ী খালের গোড়ার দিকে বলেশ্বর নদীর দিকে নিয়ে যাওয়া হয়।

একই সময়ে সাবেক তাফালবাড়ী পোস্ট অফিসের (বর্তমানে বাজারের একটি দোকান) সামনে থেকে মুক্তিযোদ্ধা বাশারত খানকে আটক করে তাকেও পেটাতে পেটাতে ইউসুফের কাছে নিয়ে আসা হয়। পরে রাজেশ্বর নামের একটি স্থানে নিয়ে জয়নালকে বুকে-পেটে গুলি করে হত্যা করে ইউসুফ। বাশারতকেও একইভাবে হত্যা করা হয়।

১২. ২৬ জুলাই বিকাল ৫টার দিকে ইউসুফের নির্দেশে মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহায়তাকারী ডা. আব্দুল মজিদকে বাজার থেকে ডেকে মোড়েলগঞ্জ বাজারের লঞ্চঘাটে (বর্তমানে নদীগর্ভে বিলীন) নিয়ে যাওয়া হয়। সেখানে কোমর সমান পানিতে নামিয়ে গুলি করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়া হয়।

১৩. ২৯ জুলাই রায়েন্দা খালের খেয়াঘাটের কাছ থেকে মুক্তিযুদ্ধ সমর্থক আব্দুস সালাম খানকে আটক করে মারপিট করতে করতে রাজাকার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ইউসুফের নির্দেশে পেটাতে পেটাতে তাকে সেখান থেকে বলেশ্বর নদীর দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে সালামের শরীরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে গুরুতর জখম করার পরে রাইফেল দিয়ে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়।

অভিযোগগুলো পড়ে শোনানোর পরে আদালতে উপস্থিত একেএম ইউসুফকে ট্রাইব্যুনাল চেয়ারম্যান জিজ্ঞেস করেন, “আপনার বিরুদ্ধে এসব অভিযোগের কথা শুনলেন, আপনি দোষী না নির্দোষ?”

এর জবাবে ইউসুফ বলেন, “মহান আদালতের কাছে বলতে চাই, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্মান্তরিতককরণের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”

পুরনো খবর:

ইউসুফের বিচার শুরুর আদেশ