২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল খেটে ফের তিন খুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের স্ত্রী ও দুই ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে খুনের মামলায় যাবজ্জীবন জেলখাটা বোরহান উদ্দীন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 09:57 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

বোরহান(৪৭) উপজেলার সিদলা ইউনিয়নের নামা সিদলা গ্রামের সদর আলীর ছেলে। তাকে আটক করেছে পুলিশ।

জমিসংক্রান্ত বিরোধেই তিনি তার বড় ভাই সোহরাব উদ্দীনকে খুনের দায়ের ২২ বছর জেল খেটে সম্প্রতি বিশেষ ক্ষমায় ছাড়া পান।

বৃহস্পতিবার সন্ধ্যায় বোরহানের হাতে খুন হন ছোট ভাই ফারুক আহমদের স্ত্রী নাজমা আক্তার (৩৬), তার ছেলে শাহজাহান (১০) ও শাহপরান (৭)।

হোসেনপুর থানার ওসি মীর মোশারফ হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সন্ধ্যায় নাজমা তার ঘরে ইফতারি তৈরি করছিলেন। এ সময় শাহপরান ঘরেই ছিল। ছেলে শাহজাহানও প্রাইভেট পড়ে এসে ঘরে ঢুকে।

“তখন বোরহান কাঠের মুগর দিয়ে প্রথমে নাজমার মাথায় আঘাত করে। মাকে বাঁচাতে গেলে শাহজাহান ও শাহপরানের মাথায় আঘাত করে বোরহান। এতে ঘটনাস্থলেই নাজমা ও শাহজাহান মারা যান।”

মুমূর্ষু অবস্থায় শাহপরানকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।

তিনি জানান, রাত ৯টার দিকে ময়মনসিংহ জেলার নান্দাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে বোরহানকে আটক করা হয়।

ওসি আরো জানান, বড় ভাইকে খুনের পর বোরহান জেলে যাওয়ার পর সব জমি তার বাবা ছোট ভাই ফারুককে লিখে দেন। জেল থেকে ফিরে এসে এসব জানতে পেরেন বোরহান। এ ক্ষোভ থেকেই এ হত্যাকা- চালানো হয়েছে বলে মনে করছে পুলিশ।