২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজা ধসে ১০ অনাথের দায়িত্ব নিল ওআরসিএ

সাভারে ভবন ধসে অনাথ ১০ শিশুর দায়িত্ব নিয়েছে ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশন (ওআরসিএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 09:44 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

রানা প্লাজা ধসের শততম দিনে বৃহস্পতিবার এক সভায় এসব শিশুর দায়িত্ব নেয়ার কথা জানায় সংগঠনটি।

অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম হোমে এসব শিশু থাকবে। সেখানে তাদের থাকা, খাওয়ার ব্যবস্থার পাশাপাশি কারিগরি শিক্ষা দেয়া হবে। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর যোগ্যতা অনুযায়ী কাজেরও ব্যবস্থা করবে অ্যাসোসিয়েশন। 

বিজিএমইএ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। 

প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেনের কাছে শিশুদের দায়িত্বভার তুলে দেন।

এ সময় জাহাঙ্গীর কবির নানক বলেন, “আমরা আশা করি রানা প্লাজার মতো আর কোন ঘটনা বাংলাদেশে ঘটবে না। সেজন্য সকলে প্রয়োজনীয় প্রস্তুতি নিবে, সরকারও এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে।”

বিজিএমইএ সভাপতি বলেন, “রানা প্লাজার ট্রাজেডির কারণে অনাথ হওয়া ৩০০ শিশুর পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান এসব শিশুর দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমরা ঠিকমত তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবো।”

এছাড়া আহতদের চাকরি দেয়ারও উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি।

ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশন সভাপতি সাখাওয়াৎ হোসেন বলেন, “আমরা এই ১০ জন শিশুর সম্পূর্ণ দায়-দায়িত্ব নিচ্ছি। এদের খাওয়া-থাকাসহ প্রয়োজনীয় সব করা হবে। কারিগরি শিক্ষা দেয়া হবে। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তাদের কাজের ব্যবস্থাও করবো।”

অনুষ্ঠানে আজমত গ্রুপ রানা প্লাজার ঘটনায় আহত ৫ জন এবং এ কে এইচ গ্রুপ ২ জনকে চাকরির নিয়োগপত্র দেয়।