২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নির্বাচনে যেতে পারবে, দাবি রাজ্জাকের

হাই কোর্টের রায়ের পরও জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে বলে দাবি করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 06:19 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়া হাই কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটি একটি বিভক্ত রায়। রায়ের পর বিচারকরা ঐকমত্যে সরাসরি আপিলের অনুমতি দিয়েছেন। ওই রায় স্থগিতের জন্য আমরা আপিলও ফাইল করেছি। তাই জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কোনো সুযোগ নেই।

এই আইনজীবীর দাবি, আপিল করায় এখন সবাইকে তার নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

“তাই বলা যায়, বর্তমান অবস্থায়ও জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে। রায় স্থগিত হলেতো পারবেই।”

সংসদে প্রতিনিধিত্বকারী জামায়াতে ইসলামী ২০০৮ সালে ৩৮টি দলের সঙ্গে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের একটি রিটের রায়ে হাই কোর্ট বৃহস্পতিবার জামায়াতের ‘নিবন্ধন অবৈধ ও বাতিল’ ঘোষণা করে।

রায়ের পরপরই নির্বাচন কমিশনের আইনজীবী শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, এই রায়ের ফলে আগামী নির্বাচনে জামায়াত আর অংশগ্রহণের সুযোগ পাবে না, কারণ আইন অনুযায়ী শুধু ইসিতে নিবন্ধিত দলগুলোই নির্বাচনে অংশ নিতে পারে।

রায়ের আধা ঘণ্টার মধ্যেই চেম্বার আদালতে আপিল জমা দেন জামায়াতের আইনজীবীরা।  

রাজ্জাক বলেন, “এ রায় ন্যায়ভ্রস্ট। ভুল রায়। এ রায় জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর কোনো প্রভাব ফেলবে না। তারা সকল কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে।”

জামায়াতের আইনজীবীর দাবি, হাই কোর্ট রায়ে জামায়াতকে সরাসরি আপিল করার অনুমতি দিয়েছে। আর যেহেতু তারা ইতোমধ্যে আপিল জমা দিয়েছেন, সেহেতু বিষয়টি এখন আপিল বিভাগের বিচারাধীন বলে ধরতে হবে।

“এ রায়ের ফলে জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না- এমনটা বলা যাবে না। এটা এখন বিচারাধীন বিষয়। আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করেছি। এ আপিলের ফয়সালা না হওয়া পর্যন্ত আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে।”

রাজ্জাকের ভাষায়, জামায়াতের নিবন্ধন বাতিল করে হাই কোর্ট ‘প্যান্ডোরার বক্স’ খুলে দিয়েছে। যিনি রিট আবেদন করেছেন, তিনি হাইকোর্টে ‘খোলা মনে’ আসেননি।

“রিট আবেদনকারী তরিকত ফেডারেশনের নেতা। আবেদনকারীর রাজনৈতিক দলের গঠনতন্ত্রে জিহাদের কথা উল্লেখ আছে। যার গঠনতন্ত্রে জিহাদের কথা উল্লেখ আছে, তিনি জামায়াতের গঠনতন্ত্র চ্যালেঞ্জ করে রিট করতে পারেন না। এ রিট অপরিপক্ক।”

হাই কোর্টের এই রায়কে ‘আইনের শাসন, গণতন্ত্র, মৌলিক অধিকার ও সংবিধানের পরিপন্থী’ বলেও উল্লেখ করেন রাজ্জাক। 

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, এ রায় দিয়ে হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছে। কারণ ইসি জামায়াতকে নিবন্ধন দিয়েছিল। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির নিবন্ধন বাতিল করায় ইসির অক্ষমতারই প্রকাশ ঘটেছে।