২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ‘কালো বিড়াল’  খোঁজার দাবি 

চট্টগ্রাম বন্দরে দুর্নীতির ‘কালো বিড়াল’ রয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে বন্দর কর্তৃক ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ও স্থানীয় অধিবাসীদের অধিকার আদায় পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 08:01 PM

Updated : 23 Aug 2022, 06:37 PM

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১৩ দফা দাবি দিয়ে আগামী একমাসের মধ্যে তা নিরসন করতে নৌমন্ত্রীর কাছে আহ্বানও জানানো হয়।

সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি নুর মোহাম্মদ খান বলেন, বিভিন্ন সময বন্দরের পরিধি বাড়াতে জমি অধিগ্রহণ করা হয়েছে। এতে প্রায় ১০ হাজার পরিবার কয়েক হাজার একর জমি হারিয়েছে।

“কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বন্দরের বিভিন্ন পদে আবেদন করেও দুর্নীতিবাজ কর্মকতাদের চাহিদার যোগান দিতে না পারায় চাকরি পায়নি। তাই জীবন ধারনের ব্যবস্থাও করতে পারেনি।”

বন্দরের ‘দুর্নীতিবাজ’ কর্মকর্তা-কর্মচারীরা বন্দর সংলগ্ন গোসাইলডাঙ্গা, আগ্রাবাদ, হালিশহর, কাট্টলী ও পতেঙ্গা এলাকার ৮০ শতাংশ জমি ও ফ্ল্যাটের মালিক দাবি করে নুর মোহাম্মদ বলেন, সরকার তদন্ত কমিটি গঠন করলেই জানতে পারবে এই টাকার উৎস কী?

বর্তমান সরকারের মেয়াদে বন্দরের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে নিয়োগেও দুর্নীতি  হয়েছে বলে দাবি করেন তিনি।

তাদের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে- বন্দরের শূন্য পদে পরীক্ষায় উত্তীর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের নিয়োগ, পোষ্য কোটায় এক পরিবারের দুজনের বেশি চাকরি না দেয়া, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোটা নির্ধারণ ও হুকুম দখল করা জমি মূল মালিককে ফেরত দেয়া।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলম, শাহ আলম ও মারুফুল হক।