‘মেডিকেলের ভর্তি নীতি কেন বাতিল হবে না’
মেডিকেল ও ডেন্টাল কলেজ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০১১ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন।
স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যু্গ্ম সচিব, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গত সপ্তাহে এই রিট আবেদন করেন। আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারের বিশ্বজিত রায়।
আবেদনে বলা হয়, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন লঙ্ঘন করে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০১১ করা হয়েছে। তাছাড়া এটি শিক্ষানীতিরও পরিপন্থী। কারণ শিক্ষা নীতিতে বলা হয়েছে, প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয় যথাযথ নীতিমালা নির্ধারণ করে কেন্দ্রীয়ভাবে একটি নির্বাচনী পরীক্ষা গ্রহণ করবে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়েই ওই নীতিমালা করেছেন।
সরকার গতবছর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা বাদ দেয়ার সিদ্ধান্ত নিলেও শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে।
অবশ্য গত নভেম্বরে ভর্তি পরীক্ষার সময়ও স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, পরেরবার থেকে তিনি পরীক্ষা পদ্ধতি বাদ দেয়ার পক্ষে।
এর মধ্যেই গত এপ্রিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আফম রুহুল হক বলেন, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এবারো পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
