জাগরণ মঞ্চের স্মারকলিপি নেয়নি সুপ্রিম কোর্ট
যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করতে ছুটির মধ্যেও আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চ চালানোর দাবিতে গণজাগরণ মঞ্চের দেয়া স্মারকলিপি নেয়নি সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম জাগরণ মঞ্চের প্রতিনিধিদের বলেছেন, এভাবে আদালতে স্মারকলিপি দেয়ার সুযোগ নেই।
এর আগে ওই স্মারকলিপি নিয়ে গণজাগরণ মঞ্চের প্রতিনিধিরা বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের দপ্তরে যান। সেখানে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের দেয়া স্মারকলিপি পড়ে দেখেন রেজিস্ট্রার।
এ সময় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে রেজিস্ট্রার ও সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা (জেলা জজ পদ মর্যাদা) এসএম কুদ্দুস জামান প্রায় আধা ঘণ্টা কথা বলেন। কথা শেষে প্রতিনিধি দল বেরিয়ে আসার সময় স্মারকলিপিটি ইমরান এইচ সরকারকে ফিরিয়ে দেন রেজিস্ট্রার।
এই প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন, মঞ্চের সংগঠক খান আসাদুজ্জামান মাসুম, বাপ্পাদিত্য বসু, মারুফ রসুল, সংগীতা ইমাম ও ইকরামুল হক শামীম।
পরে রেজিস্ট্রারের দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ইমরান।
স্মারকলিপি গ্রহণ না করার ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম বলেন, এভাবে আদালতে স্মারকলিপি দেয়ার সুযোগ নেই।
“আদালতে কোনো দাবি দাওয়া বা মেমোরেন্ডাম দেয়ার সুযোগ নেই। এভাবে দাবি দাওয়া জানালে অপরপক্ষ প্রশ্ন তোলার সুযোগ পাবে। সুপ্রিম কোর্ট নিজস্ব বিধি অনুযায়ী চলে। আপনাদের কোনো দাবি থাকলে আইনজীবীর মাধ্যমে কোর্টে দিতে পারেন, এখানে না।”
তবে মঞ্চের পক্ষে ইকরামুল হক শামীম পাল্টা যুক্তি দিয়ে তাকে বলেন, “আমরা বিচারের বিষয়ে কোন কথা বলছি না। এই স্মারকলিপিতে বিচারের রায় নিয়েও আমাদের কোন কথা নেই। আমরা কেবল শুনানির জন্য একটি বেঞ্চ চাই। আর এই দাবিটি একটি প্রশাসনিক দাবি। সুপ্রিম কোর্টের বিধিতেই সেটা পূরণের বিধান আছে। প্রধান বিচারপতি চাইলেই সেটা পারেন।”
জবাবে রেজিস্ট্রার বলেন, প্রধান বিচারপতি তার সেই ক্ষমতা প্রয়োগ করেইতো অবকাশকালীন বেঞ্চ দেন। তবে এই সব বেঞ্চ জরুরি বিষয়যাদিই শুনানি করবে, সাধারণ বিষয় নয়।
মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে তারা স্মারকলিপি দেয়ার জন্য শাহবাগ থেকে সুপ্রিম কোর্টের দিকে রওনা হলে পুলিশ দোয়েল চত্বরের কাছে তাদের আটকে দেয়।
পরে পুলিশের প্রস্তাব অনুযায়ী মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতির কার্যালয়ে যান।
১ অগাস্ট আদালতের কার্যক্রম শেষে দেড় মাসের দীর্ঘ ছুটিতে যাচ্ছে উচ্চতর আদালত। এই সময়ে জরুরি বিষয় শুনানির জন্য থাকছেন তিন বিচারপতি, যারা এককভাবে বিভিন্ন সময়ে চেম্বার বিচারপতি হিসাবে আবেদনের শুনানি গ্রহণ করবেন।
ফলে এই দীর্ঘ সময়ে একাত্তরের যুদ্ধাপরাধ মামলার শুনানি হচ্ছে না।
জামায়াত নেতা কাদের মোল্লার যুদ্ধাপরাধের মামলায় আপিল শুনানিতে পাঁচ মাসেরও বেশি সময় লেগে যাওয়ায় সু্প্রিম কোর্টের দীর্ঘ অবকাশে যুদ্ধাপরাধের মামলার আপিল শুনানির দাবি ওঠে।
গত ২৩ জুলাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “সামনে সুপ্রিম কোর্টের বড় একটি ছুটি রয়েছে। এই ছুটিতেও আপিল শুনানি অব্যাহত রাখার আবেদন করা হবে কি না সে বিষয়টি বিবেচনায় রয়েছে।”
মঙ্গলবার দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আপিল শুনানির দিন ধার্যের সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, অবকাশে জরুরি বিষয় শুনানির নজির আছে।
তবে আদালত সেটা গ্রহণ না করে আগামী ১৭ সেপ্টেম্বর শুনানির দিন রাখে। ওইদিনই কামারুজ্জামানের মামলার সারসংক্ষেপ জমা দেয়ারও দিন রয়েছে।
এই দুটি মামলা ছাড়াও কাদের মোল্লার মামলাটি আপিল শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
অবকাশে আপিল বেঞ্চ চালানোর দাবি জানাতে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে জাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “আমরা দেখেছি, বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় অবকাশের সময়ও আপিল/হাইকোর্ট বিভাগের কার্যক্রম চলেছে।”
