২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দগ্ধ অতীত পেরিয়ে নিউ ইয়র্ক জয়ের গল্প

ষোল বছর আগে আগুনে দগ্ধ লিপি চিকিৎসার জন্য বাবার সঙ্গে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। জীবন সংগ্রামে নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষার সীমাবদ্ধতা ও অসহায়ত্বকে অতিক্রম করে এখন তিনি নিউ ইয়র্কের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

লাভলু আনসার

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের সেভেন্টি ফোর স্ট্রিটে লিপি ফ্যাশনের মালিক নোয়াখালীর সুধারাম গ্রামের এই লিপি বেগম। ইমিটেশনের গয়না, নতুন নতুন ডিজাইনের পোশাকের পাশাপাশি ছোটদের খেলনাও রয়েছে তার দোকানে।

আসন্ন ঈদ উপলক্ষে দোকানে লাখ ডলারের পণ্য তুলেছেন বলে জানালেন লিপি।

মঙ্গলবার খরিদ্দার সামলানোর ব্যস্ততার ফাঁকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন লিপি বেগম।

সুধারাম গ্রামের অভাবী কৃষক কালাম মিয়ার বাড়িতে আগুন লেগে ঘরের পাশাপাশি শরীরের ৭০ শতাংশ পুড়ে যায় শিশু লিপির। অর্থাভাবে তার চিকিৎসা হচ্ছিল না। এ অবস্থায় বোস্টনের কয়েকজন সমাজকর্মীর সহায়তায় উন্নত চিকিৎসার জন্য লিপিকে যুক্তরাষ্ট্রে পাঠায় লায়ন্স ক্লাব। বাবা কালাম মিয়াও যান তার সঙ্গে।

বোস্টনের একটি হাসপাতালে কয়েক দফা অস্ত্রোপচার হয় লিপির।পরে মেয়েকে নিয়ে চিকিৎসা চললেও লিপিকে নিয়ে নিউ ইয়র্কে আসেন কালাম।

সাবওয়ে, সমুদ্র সৈকতসহ ব্যস্ততম সড়কের পাশে বিভিন্ন জিনিস ফেরী করেন কালাম।  এ সময় প্রবাসী বাংলাদেশীসহ অনেক আমেরিকানরাও সহায়তার হাত বাড়ান।

লিপি বেগম শারীরিকভাবে কিছুটা সুস্থ হওয়ার পরপরই জ্যাকসন হাইটসে ইমিটেশন সামগ্রির মার্কেটে ছোট্ট একটু জায়গা নিয়ে সেখানে গড়ে তোলেন দোকান।  নিরক্ষর লিপি ধীরে ধীরে শুদ্ধ বাংলায় কথা বলতে শেখেন। প্রয়োজনীয় ইংরেজী বাক্যগুলোও রপ্ত হয় তার।

২০০২ সালে লিপিকে নিয়ে নিউ ইয়র্কের বাংলা পত্রিকা ঠিকানায় একটি প্রতিবেদন প্রকাশ হয়।

দিনে দিনে লিপির দোকানের পরিধিও বাড়তে থাকে। তিন বছর আগে ছোট্ট পরিসরের সেই জায়গা ছেড়ে দিয়ে জ্যাকসন হাইটসের সেভেন্টি ফোর স্ট্রিটে লিপি ফ্যাশন ইনক গড়ে তোলেন তিনি।

দৃষ্টিনন্দন বিভিন্ন অলঙ্কারের জন্য নিউ ইয়র্কে এরইমধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছে তার দোকান। ঈদ উপলক্ষে বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছেন তিনি। দোকানে রয়েছে চার জন শ্রমিক। ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন নিজেই।

দোকানের বাইরে কথা হয় লিপির বাবা কালাম মিয়ার সঙ্গে। তার চোখে-মুখে এখন স্বচ্ছলতার ছাপ।

বলেন, “ভালোই আছি।”

তিনি জানান, দোকানের মাসিক ভাড়া এবং কর্মচারীদের বেতন মিলিয়ে মাসে ১৫ হাজার ডলারের মতো ব্যয় হয়। তাদের বাসা ভাড়া দিতে হয় মাসে দুই হাজার ডলার।

এর বাইরে দেশে ভাই-বোনদের জন্যও নিয়মিত অর্থ পাঠান লিপি।

“লিপির নিরন্তর কর্মপ্রয়াসের কারণেই সবকিছু সম্ভব হচ্ছে,” বলেন কালাম।

তিনি জানান, ছয় বছর আগে লিপি দেশে গিয়ে বিয়ে করেন। তার স্বামীও গ্রিনকার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছে। তিনিও এই দোকানে কাজ করেন।

নিজের স্ত্রীকেও যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন বলে জানান কালাম।

সবাই এখন যুক্তরাষ্ট্রের নাগরিক জানিয়ে তিনি বলেন, “আমরা এখন অনেক ভালো আছি সকলের দোয়ায়।”