আটকে যাওয়া টিপাইমুখ এগিয়ে নেয়ার চেষ্টায় ভারত
পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় ভারতের বনবিষয়ক উপদেষ্টা কমিটি (ফ্যাক) বহুল আলোচিত টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পের ছাড়পত্র আটকে দিলেও বিষয়টি এগিয়ে নেয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।
গত শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করতে গেলে টিপাইমুখ নিয়েও আলোচনা হয়। মনমোহন ওই প্রকল্পে বাংলাদেশকে অংশীদার হওয়ার প্রস্তাব দেন। ওইদিনই ভারত সরকারকে ছাড়পত্র না দেয়ার বিষয়টি জানায় বনবিষয়ক উপদেষ্টা কমিটি।
শুক্রবারের বৈঠকে মনমোহন আবারো বাংলাদেশকে আশ্বস্ত করেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো কিছুই ভারত সরকার করবে না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনমোহন সিং কার্যত বাংলাদেশকে টিপাইমুখ প্রকল্পে অংশীদার হওয়ার প্রস্তাবই দিয়েছেন, যাতে ওই প্রকল্প থেকে বাংলাদেশ বিদ্যুৎ পেতে পারে। ”
তবে মনমোহনের ওই বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভও হয়েছে।
পরিবেশবাদী সংগঠন সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ড্যামস, রিভার্স অ্যান্ড পিপল এর নেতা হিমাংশূ থ্যাকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (মনমোহন) বনবিষয়ক উপদেষ্টা কমিটির সুপারিশকে গুরুত্ব না দিয়ে অপমান করেছেন।”
“এটা ভারতের সাংবিধানিক প্রক্রিয়া ও মনিপুরের জনগণের সঙ্গে নির্মম রসিকতা। বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্যও এটা অপমানজনক।”
দুই দশক আগে মনিপুর ও মিজোরামের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় খরস্রোতা বরাক নদীতে বাধ দিয়ে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং ভাটির দিকে আসামে সেচের জন্য এই টিপাইমুখ প্রকল্পের প্রস্তাব করা হয়।
এই প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১০ সালের ২৮ এপ্রিল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) ও সুটলেজ বিদ্যুৎ নিঘম লিমিটেডের (এসজেভিএনএল) সঙ্গে চুক্তিও করে মণিপুর রাজ্য সরকার। ২০১১ সালের ২২ অক্টোবর চুক্তিটি নবায়ন করা হয়।
তবে বনবিষয়ক উপদেষ্টা কমিটি বলেছে, বরাক নদীর টিপাইমুখে বাধ দিয়ে বিদ্যুৎ কেন্দ্র করা হলে ভারতের মণিপুরের ২২ হাজার ৭৭৭ এবং মিজোরামের ১ হাজার ৫৫১ হেক্টর বনভূমির ৭৮ লাখ গাছ ও ২৭ হাজার বাঁশঝাড় কেটে ফেলতে হবে। ঘরছাড়া হবে ১২টি গ্রামের পাঁচ শতাধিক আদিবাসী পরিবার।
এই যুক্তিতে বড় ধরনের প্রকল্পের বদলে ছোট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে কমিটি।
কমিটির এই প্রতিবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতের বন ও পরিবেশমন্ত্রী জয়ন্তী নটরাজ। তবে কীভাবে প্রকল্পটি এগিয়ে নেয়া যায় তা খুঁজে বের করতে মনমোহন সরকার পরিবেশ মন্ত্রণালয়কে চাপ দিচ্ছে বলে জানা গেছে।
অবশ্য কর্মকর্তারা মনে করছেন, উপদেষ্টা কমিটির ওই প্রতিবেদনকে পাশ কাটানো মন্ত্রণালয়ের জন্য মোটেও সহজ হবে না।
পরিবেশবাদীরা বলে আসছেন, টিপাইমুখে বাধ দিলে বাংলাদেশের সিলেট অঞ্চল সংলগ্ন হাওড় এলাকার ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়বে। শুকনো মৌসুমে বাংলাদেশ পানি কম পাবে এবং বর্ষা মৌসুমে জলাধার থেকে পানি ছেড়ে দিলে ভয়াবহ বন্যা দেখা দেবে। ওই এলাকার জীব বৈচিত্রও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
