বেলাল মোহাম্মদকে রাষ্ট্রীয় শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বেলাল মোহাম্মদকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানিয়েছে জাতি।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রয়াতের মরদেহ নেয়া হয় শহীদ মিনারে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার জানানো হয়। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।
রাষ্ট্রপতির পক্ষ থেকে তার একান্ত সচিব মনিরুল ইসলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেলালের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী আবুল কালাম আজাদ ও সাংসদ এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ, আওয়ামী লীগের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১২টার দিকে বেলালের মরদেহ নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। সেখানে তৃতীয় দফা জানাজা শেষে এই মুক্তিযোদ্ধার মরদেহ দান করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে জাতির জনকের স্বাধীনতা ঘোষণা ছড়িয়ে দিতে এগিয়ে আসা বেলাল মোহাম্মদ মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মঙ্গলবারই উত্তরার বাসায় তার প্রথম জানাজা হয়।
অসুস্থ হয়ে পড়ায় সোমবার বিকালে বেলাল মোহাম্মদকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০১০ সালে তাকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। পরের বছর বাংলা একাডেমী পুরস্কার পান কবি বেলাল।
তার জন্ম ১৯৩৬ সালের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে। ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম কমিটির প্রথম সদস্য ছিলেন তিনি।
১৯৬৪ সালে দৈনিক আজাদীর উপসম্পাদক হিসেবে যোগ দেন বেলাল। ওই বছরই রেডিও পাকিস্তানের চট্টগ্রাম কেন্দ্রে স্ক্রিপ্টরাইটার হিসেবে কাজ শুরু করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বেলাল মোহাম্মদ চট্টগ্রাম বেতার কেন্দ্রে কর্মরত ছিলেন। ২৬ মার্চ বেলাল মোহাম্মদ ও তার সঙ্গীরা মিলে কালুরঘাটের বেতার স্টেশনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেন, যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়।
