ট্রেন টিকিট: চট্টগ্রামে কেউ পেলেন, কেউ পেলেন না
শেষ হল চট্টগ্রাম থেকে ট্রেনের আগাম টিকিট নেয়া, এবার শুরু বাড়ি যাওয়ার পালা।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অবশেষে কারো হাতে মিলেছে কাঙ্ক্ষিত টিকিট; আবার কেউ ফিরেছেন হালি হাতে- এভাবে পাঁচদিন কাটলো চট্টগ্রাম রেল স্টেশনে।
মঙ্গলবার আগামী ৮ অগাস্টের শেষ দিনের টিকিট পেতেও সোমবার রাত থেকে স্টেশনে ভিড় জমিয়েছিল মানুষ। তবে তাদের অনেকেই ফিরেছেন খালি হাতে।
যারা টিকিট পেয়েছেন, তাদের একটাই কথা- এবার নিরাপদে বাড়ি যেতে চাই। যারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট পাননি, তাদের আক্ষেপের সঙ্গে আশা- যদি ‘স্ট্যান্ডিং টিকিট’ মেলে।
জাহিদুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিকিট নেয়ার জন্য আজ অফিস থেকে ছুটি নিয়েছিলাম। সোমবার রাত থেকে লাইনে ধরে আজ টিকিট পেলাম।”
আখাউড়ার বাসিন্দা জাহিদুল বলেন, “বিয়ের পর প্রথম নতুন বৌকে নিয়ে ঈদ করব। টিকেট পেয়ে তাই স্বস্তি লাগছে।”
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ উপলক্ষে রেল কর্তৃপক্ষ মোবাইল কোটাসহ প্রায় ২০ হাজার টিকিট অগ্রিম বিক্রির জন্য বরাদ্দ করেছিল।
তার মধ্যে সাড়ে ১৭ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান তিনি।
অগ্রিম টিকিটের মধ্যে ৭ ও ৮ অগাস্টের টিকিটের চাহিদা বেশি ছিল জানিয়ে স্টেশন ব্যবস্থাপক শামসুল বলেন, যেসব টিকিট অবিক্রিত ছিল, সেগুলোও বিক্রি হয়ে যাচ্ছে।
মঙ্গলবার টিকিট নিতে এসে না পাওয়া সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তি বলেন, অগ্রিম টিকিট না পেলেও যাওয়ার দিন ‘স্ট্যান্ডিং টিকিট’ কেটে বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।
শামসুল আরো জানান, মঙ্গলবার শেষদিনে সব মিলিয়ে ৩ হাজার ৪৫০ টি টিকিট বিক্রি হয়েছে।
গত ২৬ জুলাই থেকে শুরু হয়েছিল ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি। আর ৪ অগাস্ট থেকে শুরু হবে ঈদের যাত্রা।
স্টেশন থেকে প্রাপ্ত তথ্যে অনুসারে, প্রতিদিন ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকেট ৫২৮টি, মহানগর প্রভাতীর ৬৪০টি, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ৬২৫টি, ঢাকাগামী গোধূলীর ৫৭৪টি, উদয়নের ৫২৫ এবং তূর্ণা নিশিথার ৫০৫ টি টিকিট বিক্রির জন্য বরাদ্দ ছিল।
এর বাইরে সিলেটগামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিটও দেয়া হয়েছে।
