২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় যুবককে হত্যা

২৪ ঘণ্টার ব্যবধানে এক যুবলীগ নেতা এবং এক বিএনপি সমর্থককে গুলিতে হত্যার পর ঢাকার জুরাইনে আরেকটি খুনের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 11:15 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

মঙ্গলবার রাতে সেখানে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম আবু সালেহ শাহীন (২৮)। পুলিশ বলছে, স্থানীয় বিরোধে নিজের বাড়ির সামনেই  তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

সোমবার বিকালে হাজারীবাগে বিএনপি সমর্থক এক ব্যবসায়ী এবং রাতে গুলশানে ঢাকা মহানগর যুবলীগের শীর্ষ পর্যায়ের এক নেতা নিহত হন।

তবে এরপর মঙ্গলবার সন্ধ্যায় ইফতার অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তার ওই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে জুরাইনের হত্যাকাণ্ড ঘটল।

স্থানীয়রা জানায়, পূর্ব জুরাইনের বাগিচাবাড়ির বাসা থেকে রাত সাড়ে ৮টার দিকে বের হওয়া মাত্রই কয়েকজন যুবক শাহীনকে কুপিয়ে এবং পিটিয়ে চলে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা জানান, শাহীন মারা গেছেন।

কদমতলী থানার ওসি মাজাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কবুতর পোষা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শাহীন মারা যান।

এই সংঘর্ষে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।