সন্ধ্যারাতে ডাকাতি ঢাকায়
পুরান ঢাকার ওয়ারীতে ইফতারির সময় ডাকাতি হয়েছে এক ব্যবসায়ীর বাড়িতে।
ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় পৌনে দুই লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সম্পত্তি নিয়ে গেছে বলে ব্যবসায়ী তাজুল পুলিশকে জানিয়েছেন।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার ইলিয়াস শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইফতারির সময় কলিংবেলের শব্দ পেয়ে গৃহকর্তা দরজা খুলে দিলে ৬/৭জন ডাকাত অস্ত্র নিয়ে বাসায় ঢুকে সবাইকে জিম্মি করে।
“তারা এক শিশুর গলায় চাকু ধরে কাউকে চিৎকার না করতে বলে। এরপর আধা ঘণ্টা ধরে ডাকাতি চালায় তারা।”
ডাকাত দল পালানোর সময় বাড়ির লোকজন চিৎকার করলে স্থানীয়রা ধাওয়া করে একজনকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে দেয়া হয়।
ডাকাত দলের মধ্যে দুই-একজন গৃহকর্তার পরিচিত হতে পারে বলে পুলিশ কর্মকর্তা ইলিয়াসের ধারণা।
তিনি বলেন, কিছুদিন আগে ওই বাসায় বিয়ের অনুষ্ঠান হয়। মঙ্গলবার জামাইসহ মেয়ে ওই বাসায় আসে। গহনা পাবে এই আশায় ডাকাত দল হানা দেয়।
তাজুল ইসলাম একজন টায়ার ব্যবসায়ী, বিজয়নগরে তার দোকান রয়েছে।
