২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সহোদর খুন: ৪ দিনের হেফাজতে কালাম

চট্টগ্রামের রাউজানে দুই সহোদরের খুনি বড় ভাই আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 07:34 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

মঙ্গলবার চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেহ মো. নোমান এ আদেশ দেন।

পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদে সাত দিন সময় চাওয়া হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা ও রাউজান থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুনানি শেষে বিচারক কালামকে চার দিনের হেফাজতে নেয়ার অনুমতি দিয়েছে।

বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হবে বলেও জানান তিনি।

গত ২২ জুলাই সকালে রাউজানের সুলতানপুর গ্রামের দিদার মঞ্জিল এলাকার কাজী বাড়িতে নিজ বাড়ির সামনে আপন দুই ছোট ভাই আবু সুফিয়ান আজাদ ও আবু মোর্শেদ আজাদকে কুপিয়ে হত্যা করে আবুল কালাম আজাদ।

এই ঘটনায় আবু সুফিয়ানের স্ত্রী ইসমত আরা নাসরিন বাদী হয়ে ভাসুর কালাম ও তার সহযোগী তৌহিদুল আলমকে আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা করেন।

গত রোববার কালাম আদালতে আত্মসমর্পণ করে জামিন চায়। তবে আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।