২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কের শুভেচ্ছা দূত রুনা লায়লার প্রথম সফর ভারতে

খ্যাতনামা কণ্ঠশিল্পী রুনা লায়লা সার্কের এইচআইভি/এইডস বিষয়ক শুভেচ্ছা দূত হিসেবে প্রথম সফরে ভারত যাচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 07:05 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

বৃহস্পতিবার দুদিনের সফরে তিনি নয়াদিল্লিতে যাচ্ছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, সফরকালে রুনা লায়লা ভারতীয় কর্মকর্তা, গায়ক ও তারকাদের সঙ্গে এইচআইভি/এইডস বিষয়ে একটি সংবেদনশীলকরণ কর্মসূচিতে যোগ দেবেন এবং আক্রান্তদের চিকিৎসা সেবা ও সহায়তা কেন্দ্র পরিদর্শন করবেন।

তিনি ভারতের স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন। সফর শেষের আগে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার।

বাংলাদেশি হিসেবে রুনাই সার্কের প্রথম শুভেচ্ছা দূত মনোনীত হয়েছেন।

গত ২৪ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তার হাতে শুভেচ্ছা দূত মনোনয়নের চিঠি তুলে দেন।

মনোনয়ন পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, এইচআইভি ও এইডস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে ও সমর্থন যোগাতে অন্যান্য রাষ্ট্রদূতদের সঙ্গে কাজ করবেন তিনি।

গত জানুয়ারিতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বাংলাদেশের রুনা লায়লা, ভারতের অজয় দেবগন ও পাকিস্তানের শারমিন ওবায়েদ-চিনয়কে এইচআইভি/এইডস বিষয়ক শুভেচ্ছা দূত মনোনীত করে।

২০০৮ সালে প্রথম এইচআইভি/এইডস বিষয়ক সাকের্র শুভেচ্ছা দূত কর্মসূচির সূচনা হয়। তখন ভারতের খ্যাতনামা অভিনেতা শাবানা আজমিকে এইচআইভি ও এইডসের বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতা ও সমর্থন বাড়াতে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেয়া হয়।

বিশ্ব ব্যাংকের হিসেবে দক্ষিণ এশিয়ার প্রায় ৬০ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত, যার ৬০ শতাংশই ভারতে বাস করে ।