২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবোসড়কে ‘জেগে উঠবে’ চলনবিল

তিন জেলার আটটি উপজেলার মানুষ স্বপ্ন দেখছে একটি ডুবোসড়ক নিয়ে; যেটি বর্ষায় চলনবিলের পানির নিচে থাকলেও হেমন্তে জেগে উঠবে হালকা যানবাহন চলাচলের জন্য।

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 05:34 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

যুগ যুগ ধরে পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলার চলনবিলের দুর্গম অঞ্চলের মানুষ হেমন্তে পায়ে হেঁটে, বড়জোড় গরুর গাড়িতে করে যাতায়াত করছে। সে তুলনায় বর্ষাকালটা তাদের জন্য আশীর্বাদ। কারণ তখন নৌকায় মানুষ সহজেই যে কোন জায়গায় চলাচল করতে পারে।

সেই হেমন্তের শুষ্ক-সবুজ চলনবিলের তীরবর্তী ফরিদপুর, ভাঙ্গুড়া, গুরুদাসপুর, সিংড়া, তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ ও শাহজাদপুর- এ আট উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থায় এ ডুবোসড়ক যুগান্তকারী পদক্ষেপের সূচনা করবে বলে মনে করছে এলাকাবাসী।

বর্ষা শেষেই চলনবিলের বুক চিরে জেগে উঠবে সেই ৩৪ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের ডুবোসড়ক।

ইতোমধ্যে এ ডুবোসড়কের সিরাজগঞ্জ অংশের ১৪ কিলোমিটারে অর্ধেকেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এরমধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহকোলা থেকে পাবনার ফরিদপুর উপজেলার কালিয়াকৈর পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার ডুবোসড়ক ও ২টি সেতুর কাজ শেষ হয়েছে।

অপরদিকে এ প্রকল্পের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের ওয়াপদা বাঁধ থেকে নাটোরের গুরুদাসপুর উপজেলার কুন্দইল পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার সড়ক ও একটি সেতুর কিছু অংশের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন এলজিইডির সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে আট কিলোমিটারের ডুবোসড়কে বক্স কালভার্ট, আরসিসি, কার্পেটিং, অ্যাপ্রোচ রোড ও ৭৫ মিটার গার্ডার ব্রিজ নির্মাণের জন্য ২০১২-১৩ অর্থ বছরে ৪টি প্যাকেজে প্রায় সাড়ে ১৬ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়।

৪টি ঠিকাদারী প্রতিষ্ঠান এ প্রকল্প বাস্তবায়ন করছে। আগামী বছরের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছেন প্রকৌশলী গোলাম মোস্তফা।

তিনি আরও বলেন, এছাড়া সাড়ে ৫ কিলোমিটার ডুবোসড়ক ও ২টি সেতু নির্মাণে ২০১১-১২ অর্থবছরে ২৩ কোটি ৩৭ লাখ টাকার দরপত্র আহবান করা হয়।

চলতি বছরের জুলাই মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও সেতুর কিছু অংশ নির্মাণ বাকি থাকায় এখনও চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি।

বর্ষার পরে দ্রুত কাজ শেষ করে জনগণ ও যানবাহন চলাচলের জন্য রাস্তাটি খুলে দেয়া হবে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। 

সম্প্রতি তাড়াশ, উল্লাপাড়া ও রায়গঞ্জে গেলে এলাকার মানুষ এ ডুবোসড়কটি নিয়ে তাদের উচ্ছ্বাস জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির কাছে।

তাড়াশের সীমান্তবর্তী কুন্দইল গ্রামের বৃদ্ধ হাজী মইন উদ্দিন আহম্মেদ (৬৫) বলেন, দূর্গম এ চলনবিলে চলাচলের কোন রাস্তাঘাট নেই। পূর্ব পুরুষদের আমল থেকে গরু-মহিষের গাড়িতে মালামাল আনা-নেয়া করা হচ্ছে।

“বর্তমান সরকার এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে সড়ক পথে যোগাযোগে জন্য ডুবোসড়ক নির্মাণ করছে। এখন আর আগের মতো কষ্ট করে চলতে হবে না। এটা আমাদের কাছে স্বপ্নের মতো।”

কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, শুষ্ক মৌসুমে এখানে চলাচল খুবই কষ্টকর এবং সময়ের ব্যাপার।

ডুবোসড়ক চালু হলে এ চলনবিলে নব দিগন্তের সূচনা হবে, এলাকার উন্নয়নও ত্বরান্বিত হবে বলে মনে করেন এই শিক্ষক।

উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের আব্দুস সালামও (৫৫) একই কথা বলেন।

তিনি বলেন, “চলনবিলে রাস্তা হবে এ বিষয়টি আমরা এক সময় স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে।”