২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় জুতা কারখানায় বিস্ফোরণ, নিহত ১

পুরান ঢাকায় ঈদের সময় ব্যস্ত একটি জুতার কারখানায় বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও সাতজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

অগ্নি নির্বাপন বাহিনী বলছে, অগ্নিকাণ্ডের পর রাসায়নিকের ড্রাম বিস্ফোরিত হয়ে হতাহতের এই ঘটনাটি ঘটে। তবে শ্রমিকদের দাবি, কারখানার কমপ্রেসর বিস্ফোরণ ঘটে আগুন ধরে।

ইসলামবাগের শিকদার প্লাস্টিক কারখানা সংলগ্ন হাজী মুরাদের জুতার কারখানায় সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এই বিস্ফোরণ ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. সাব্বির (২৬)। আহত টিপু (১৪), বাবু (২২), জরিফ (১৬), সেন্টু (৩৪), সোহেল রানা (২২), উজ্জ্বল (২১) ও রুবেলকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকবাজার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, তিন তলা ভবনের ছাদে টিনশেড ঘরে গড়ে তোলা ওই কারখানাটিতে জুতার সোল তৈরি করা হত।

আহত শ্রমিকরা সাংবাদিকদের বলেন, জুতায় সোলে স্প্রে করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

অগ্নি নির্বাপন বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানায় বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগে যায়। আগুনে কারখানায় রাখা থিনারের (জুতার রঙ গলানোর রাসায়নিক) ড্রাম বিস্ফোরিত হয়।

অগ্নি নির্বাপন বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে টিপু ও রুবেলের অবস্থা আশঙ্কজনক। চিকিৎসকরা জানিয়েছেন, টিপুর দেহের ৯০ এবং রুবেলের দেহের ৬০ শতাংশ পুড়েছে।

চট্টগ্রামে সিএনজি স্টেশনে বিস্ফোরণ

বন্দর নগরীতে একটি সিএনজি স্টেশনে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় নিমতলা এলাকায় সেলিম অ্যান্ড সন্স নামে স্টেশনে একটি গাড়িতে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন বন্দর থানার এসআই এনাম উদ্দিন আহমেদ।

আহতের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।